মিয়ানমারে বিস্ফোরণে নিহত ৫৫

মিয়ানমারের শান রাজ্যের একটি গ্রামে শক্তিশালী বিস্ফোরণে অন্তত ৫৫ জনের প্রাণহানি ঘটেছে। এ ঘটনায় আরও বেশ কয়েকজন আহত হয়েছেন বলে স্থানীয় সূত্র জানিয়েছে।
রোববার (৩১ মে) দুপুরে চীন সীমান্তসংলগ্ন নামখাম টাউনশিপের কাউং তাত গ্রামে এ দুর্ঘটনা ঘটে। আন্তর্জাতিক গণমাধ্যমের খবরে বলা হয়েছে, নিহতদের মধ্যে নারী ও পুরুষ উভয়ই রয়েছেন। তবে বিভিন্ন সূত্রে হতাহতের সংখ্যা নিয়ে কিছু পার্থক্য দেখা গেছে।

বিস্ফোরণের পরপরই পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনাস্থল থেকে আকাশে ঘন ধোঁয়ার কুণ্ডলী উড়তে দেখা যায়। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ভিডিওতে বিধ্বস্ত ঘরবাড়ি, বড় গর্ত এবং চারদিকে ছড়িয়ে থাকা ধ্বংসাবশেষ দেখা গেছে।
এলাকাটির নিয়ন্ত্রণে থাকা সশস্ত্র গোষ্ঠী ট্যআং ন্যাশনাল লিবারেশন আর্মি (টিএনএলএ) জানিয়েছে, খনি ও পাথর উত্তোলনের কাজে ব্যবহৃত বিস্ফোরক পদার্থ থেকে অনাকাঙ্ক্ষিত এই বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
তবে ঘটনার প্রকৃত কারণ ও ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ তথ্য জানতে তদন্ত অব্যাহত রয়েছে। স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিস্তারিত তথ্য সংগ্রহের চেষ্টা করছে।
ভিওডি বাংলা/







