জাতীয় নিরাপত্তায় প্রয়োজন হলে সব পদক্ষেপ নেবে তেহরান

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে পারমাণবিক কর্মসূচি নিয়ে বর্তমানে কোনো বিস্তারিত আলোচনা চলছে না বলে জানিয়েছেন তেহরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এসমাইল বাঘাই।
সোমবার (১ জুন) অনুষ্ঠিত সাপ্তাহিক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান। বাঘাই বলেন, পারমাণবিক বিষয়ে পদক্ষেপ নেওয়ার সময় সম্পর্কে ইরান সচেতন। তবে এ মুহূর্তে আলোচনার চেয়ে তাদের মূল অগ্রাধিকার যুদ্ধের অবসান ঘটানো।
তিনি আরও দাবি করেন, যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে এবং সোমবার সকালেও এমন একটি ঘটনা ঘটেছে বলে অভিযোগ তোলেন তিনি।
ইরানি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, জাতীয় নিরাপত্তা রক্ষায় প্রয়োজন হলে যেকোনো পদক্ষেপ নেওয়ার অধিকার তেহরানের রয়েছে।
এদিকে জানা গেছে, যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী ইরানের গোরুক শহর এবং কেশম দ্বীপে রাডার ও ড্রোন স্থাপনায় হামলা চালানোর কথা স্বীকার করেছে। ওয়াশিংটনের দাবি, এসব অভিযান আত্মরক্ষামূলক পদক্ষেপ হিসেবে পরিচালিত হয়েছে।
সূত্র: আল জাজিরা
ভিওডি বাংলা/এমএস







