ইরানের সামরিক লক্ষ্যবস্তুতে যুক্তরাষ্ট্রের হামলা

যুক্তরাষ্ট্র আবারও ইরানের সামরিক লক্ষ্যবস্তুতে ‘আত্মরক্ষামূলক হামলা’ চালিয়েছে বলে দাবি করেছে মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)। দেশটির দাবি, ইরানের গোড়ুক শহর ও কেশম দ্বীপে অবস্থিত রাডার এবং ড্রোন-সংশ্লিষ্ট স্থাপনাগুলোতে এ হামলা চালানো হয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে সেন্টকম জানায়, আন্তর্জাতিক জলসীমায় একটি এমকিউ-১ ড্রোন ভূপাতিত করার ঘটনার জবাবে এই সামরিক অভিযান পরিচালনা করা হয়েছে। খবর আল জাজিরার।
সেন্টকমের দাবি, অভিযানে ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার কিছু অংশ, একটি স্থল নিয়ন্ত্রণ কেন্দ্র এবং দুটি একমুখী আক্রমণাত্মক ড্রোন ধ্বংস করা হয়েছে। তাদের ভাষ্য অনুযায়ী, এসব স্থাপনা ও ড্রোন আঞ্চলিক জলসীমায় চলাচলকারী জাহাজগুলোর জন্য হুমকি তৈরি করছিল।
মার্কিন বাহিনীর দাবি, ইরানের ‘আগ্রাসী কর্মকাণ্ডের’ প্রতিক্রিয়ায় এই হামলা চালানো হয়েছে। তবে এ বিষয়ে ইরান সরকারের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
বিশ্লেষকদের মতে, এ ঘটনার ফলে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান উত্তেজনা আরও বেড়ে যেতে পারে। সাম্প্রতিক মাসগুলোতে দুই দেশের মধ্যে একাধিক সামরিক ও কূটনৈতিক উত্তেজনার ঘটনা ঘটেছে, যা আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে।
ভিওডি বাংলা/আ







