• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

শ্রমিক সম্মেলনে ফয়জুল করীম

‘ইসলামই প্রকৃত স্বাধীনতা নিশ্চিত করেছে'

   ১৪ ফেব্রুয়ারী ২০২৫, ০৪:২৬ পি.এম.

নিজস্ব প্রতিবেদক
ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর সিনিয়র নায়েবে আমীর মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম বলেছেন, ৫ আগস্টের পর মানুষ স্বাধীনভাবে কথা বলতে পারছে। ফ্যাসিবাদমুক্ত দেশ গড়ে তুলতে রাষ্ট্র সংস্কার বেশি জরুরি। সংস্কার শেষ করে কালো টাকা ও পেশি শক্তিমুক্ত নির্বাচনের ব্যবস্থা করতে হবে। এজন্য পিআর পদ্ধতির নির্বাচনের বিকল্প নেই। গতানুগতিক নির্বাচন দিয়ে ফ্যাসিবাদকে পুনরায় প্রতিষ্ঠা করার কোন মানে হয় না।

জাতীয় ঐক্যমত কমিশন গঠনের প্রসঙ্গে ফয়জুল করীম বলেন, যাদের নিয়ে এই কমিশন গঠন করা হয়েছে তারা সবাই এলিট শ্রেণীর। শ্রমিক ও খেটে খাওয়া মানুষের কোন প্রতিনিধি সেখানে নাই, উলামায়ে কেরামের কোন প্রতিনিধি নাই। এই কমিশনের মাধ্যমে গণ ঐক্য গঠন সম্ভব হবে না।

তিনি বলেন, বিগত স্বাধীনতার ৫৩ বছরে তিনটি দলের শাসনে মানুষ দেখেছে শোষণ প্রবঞ্চনা। কাজেই এদেশের ভবিষ্যত হলো একমাত্র ইসলাম। ইসলাম ছাড়া মানবতার মুক্তি ফিরে আসবে না।

শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে রাজনৈতিক শুদ্ধাচার ও বৈষম্যহীন কল্যাণ রাষ্ট্র গঠনে কার্যকরী নির্বাচন ব্যবস্থা সংখ্যানুপাতিক (পিআর) পদ্ধতিতে জাতীয় সংসদ নির্বাচনের দাবীতে ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণের উদ্যোগে অনুষ্ঠিত 'নগর সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সম্মেলন শেষে হাফেজ মুহাম্মদ শাহাদাত হোসেন প্রধানিয়াকে সভাপতি, মুহাম্মদ ইমাম হোসেন ভুঁইয়াকে সহ-সভাপতি এবং শামসুল ইসলাম মোল্লাকে সাধারণ সম্পাদক করে ২০২৫-২৬ সেশনের জন্য নতুন কমিটি ঘোষণা করে তাদের শপথ বাক্য পাঠ করান প্রধান অতিথি।

ফয়জুল করীম বলেন, ইসলাম পূর্বে শ্রমিক, মহিলা, গরিব, কালো এ শ্রেণির মানুষের অধিকার ছিল না। ইসলাম এসে প্রত্যেকের অধিকার প্রতিষ্ঠা করেছে। আরবে নারীদের অধিকার ছিলনা, ইসলাম আসার পর নারীদের অধিকার প্রতিষ্ঠাই নয়, তাদের অগ্রাধিকার দিয়েছে। শুধু তাই নয়, ইসলাম আসার পর খলিফাতুল মুসলিমীন হযরত ওমর রা. ঘোষণা দিলেন, আমার খেলাফতের সময় শুধু মানুষ নয়, একটি বন্য প্রাণিও না খেয়ে থাকবে না।

তিনি বলেন, ইসলাম প্রতিষ্ঠা হলে, বস্তিতে-ঝুঁপড়িতে, ফুটপাতে, খোলা আকাশের নিচে মানুষকে মানবেতর জীবন যাপন করতে হবে না। শিশু কাঁদে করে মায়েদের ভিক্ষা করতে হবে না। ইসলাম প্রতিষ্ঠা হলে শাসকগণ মানুষের প্রকৃত দু:খ-দুর্দশা লাঘবে ঘরে ঘরে গিয়ে তাদের খাবার পৌঁছে দিবেন, তাদের সমস্যার সমাধান করবেন। ইসলাম প্রতিষ্ঠিত নাই বলে ফুটপাতে হাজার হাজার শিশু নেশাগ্রস্ত অবস্থা পড়ে থাকে। ইসলাম প্রতিষ্ঠা হলে তাদেরকে শিক্ষার আলোর মাধ্যমে যুগসেরা শিক্ষিত করে গড়ে তোলা হবে। 

ইসলামী আন্দোলনের নায়েবে আমীর বলেন, ইসলাম শাসন নাই বলেই ক্ষমতাসীনদের ছত্রছায়ায় ধর্ষণ সেঞ্চুরী পালন করে, আবরারের মত মেধাবীদের হত্যা করে, আয়নাঘর সৃষ্টি করে বিরোধীমত দমন করে। কৃষক-মজুর, কামার-কুমার পার্থক্য সৃষ্টি করে অধিকার বঞ্চিত রাখা হয়।

ফয়জুল করীম বলেন, ইসলাম কী জিনিস মানুষ বুঝতে পারলে ইসলাম ছাড়া অন্য কোন মত-পথ গ্রহণ করতো না। তিনি সকলকে ইসলামের দাওয়াত দিয়ে সৌন্দর্য তুলে ধরার আহ্বান জানান।

ভিওডি বাংলা/ এমএইচ


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
‘জুলাই সনদ’ নিজেদের মতো করে বাস্তবায়নের চেষ্টা করছে সরকার
‘জুলাই সনদ’ নিজেদের মতো করে বাস্তবায়নের চেষ্টা করছে সরকার
১০০ উপজেলা ও পৌরসভায় প্রার্থী ঘোষণা করেছে এনসিপি
১০০ উপজেলা ও পৌরসভায় প্রার্থী ঘোষণা করেছে এনসিপি
জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মানুষের সর্বশেষ আশ্রয়স্থল মা : মির্জা ফখরুল
জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মানুষের সর্বশেষ আশ্রয়স্থল মা : মির্জা ফখরুল