জলাবদ্ধতা ও সড়ক সংস্কারে ২১০ কোটি টাকা বরাদ্দ চায় ডিএসসিসি

দীর্ঘদিনের জলাবদ্ধতা ও ভাঙাচোরা সড়ক সমস্যার সমাধানে রাজধানীর গুরুত্বপূর্ণ কয়েকটি এলাকায় বড় ধরনের উন্নয়ন প্রকল্প নিতে ২১০ কোটি টাকার বিশেষ বরাদ্দ চেয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)।
নিউমার্কেট, বুয়েট, বকশিবাজারসহ বিস্তীর্ণ এলাকার জলাবদ্ধতা নিরসন এবং প্রধান সড়ক সংস্কারের লক্ষ্যে এই অর্থ বরাদ্দের প্রস্তাব করা হয়েছে।
ডিএসসিসির পরিকল্পনা অনুযায়ী, তিনটি পৃথক প্রকল্পের মাধ্যমে মোট ১১ দশমিক ৮৯ কিলোমিটার মাস্টার ড্রেনেজ লাইন নির্মাণ এবং প্রায় ২০ কিলোমিটার সড়ক সংস্কার করা হবে।
গত ৯ এপ্রিল ঢাকা দক্ষিণ সিটির প্রশাসক মো. আবদুস সালাম প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্যসচিব এ বি এম আব্দুস সাত্তার বরাবর এ বিষয়ে চিঠি পাঠান।
প্রায় দুই মাস পর, গত ২১ মে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে পরিকল্পনা কমিশনের কার্যক্রম বিভাগের সদস্য (সচিব) বরাবর প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশনা দেওয়া হয়। প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক (প্রশাসন) শাহরিয়ার জামিল স্বাক্ষরিত ওই চিঠিতে ‘সিটি করপোরেশন উন্নয়ন সহায়তা’ খাতের কোড ২২১০০০৮০০-এর আওতায় ২১০ কোটি টাকা অতিরিক্ত বরাদ্দের বিষয়টি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য পাঠানো হয়।
ডিএসসিসির চিঠিতে বলা হয়, নিউমার্কেট, বিজিবি এলাকা, ঢাকেশ্বরী মন্দির, বুয়েট, ঢাকা শিক্ষা বোর্ড ও বকশিবাজারসহ বিভিন্ন এলাকায় কার্যকর ড্রেনেজ আউটলেট ও লাইন না থাকায় সামান্য বৃষ্টিতেই তীব্র জলাবদ্ধতা সৃষ্টি হয়। এতে স্থানীয় বাসিন্দাদের চরম ভোগান্তি পোহাতে হয়। তবে সংস্থাটির নিজস্ব অর্থ সংকটের কারণে এসব প্রকল্প বাস্তবায়ন করা সম্ভব হচ্ছে না বলেও উল্লেখ করা হয়।
প্রস্তাবিত প্রকল্পগুলোর মধ্যে নিউমার্কেট ও বিজিবি এলাকা হয়ে নবাবগঞ্জ স্লুইস গেট পর্যন্ত ৮ দশমিক ৪৩০ কিলোমিটার মাস্টার ড্রেনেজ লাইন নির্মাণে ১২০ কোটি টাকা বরাদ্দ চাওয়া হয়েছে।
এছাড়া ঢাকেশ্বরী মন্দির থেকে ঢাকা শিক্ষা বোর্ড, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট), বকশিবাজার ও চকবাজার হয়ে সোয়ারীঘাট পর্যন্ত ৩ দশমিক ৪৬ কিলোমিটার মাস্টার ড্রেনেজ লাইন নির্মাণে ৬০ কোটি টাকা চাওয়া হয়েছে।
অন্যদিকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের আওতাধীন ১০টি অঞ্চলের প্রধান সড়ক সংস্কারের জন্য ৩০ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। এ প্রকল্পের আওতায় প্রায় ২০ কিলোমিটার সড়ক সংস্কারের পরিকল্পনা রয়েছে।
ভিওডি বাংলা/এমএস







