মব তৈরি করে ‘চোরাই পণ্যের গাড়ি’ ছিনতাই, পিছু হটল বিজিবি

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ভারতীয় চোরাই পণ্যবাহী সন্দেহে একটি পিকআপ আটক করেছিল বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তবে পরে উত্তেজনাকর পরিস্থিতি ও সংঘর্ষের আশঙ্কায় গাড়িটি ছেড়ে দিতে বাধ্য হয় বাহিনীটি।
বুধবার (৩ জুন) বিকেলে উপজেলার বায়েক ইউনিয়নের নয়নপুর বাজার এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং একটি গাড়ি ভাঙচুরের ঘটনাও ঘটে।
স্থানীয় সূত্র জানায়, দুপুরের দিকে সীমান্তসংলগ্ন এলাকা থেকে একটি হলুদ রঙের পিকআপে করে বিভিন্ন পণ্য আনা হচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে স্থানীয় বিজিবি ক্যাম্পের সদস্যরা গাড়িটি আটক করে নয়নপুর বাজারে নিয়ে যান।
এ সময় বিজিবি সদস্যদের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের তর্ক-বিতর্ক শুরু হয়। পণ্য বহনকারীদের দাবি ছিল, গাড়িতে থাকা মালামাল বৈধ। তবে বিজিবির পক্ষ থেকে বলা হয়, সেগুলো ভারতীয় চোরাই পণ্য।
একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা বাড়তে থাকে এবং পরিস্থিতি সংঘর্ষের দিকে গড়ায়। এ সময় পিকআপটি ভাঙচুরের ঘটনাও ঘটে।
বিজিবির দাবি, চোরাকারবারিরাই নিজেদের গাড়ি ভাঙচুর করে এর দায় বাহিনীর ওপর চাপানোর চেষ্টা করেছে।
ঘটনার বিষয়ে সুলতানপুর ৬০ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম শরীফুল ইসলাম বলেন, স্থানীয় ক্যাম্পের সদস্যরা ভারতীয় চোরাই পণ্যবাহী একটি পিকআপ আটক করে নয়নপুর বাজারে নিয়ে আসে। পরে চোরাকারবারিরা সংঘবদ্ধ হয়ে বিজিবি সদস্যদের ঘিরে মব সৃষ্টি করে এবং সংঘর্ষে জড়িয়ে পড়ে।
তিনি আরও বলেন, “পরিস্থিতি জটিল হয়ে পড়ায় এবং গুলি বা রক্তপাতের আশঙ্কা তৈরি হওয়ায় পণ্যবাহী পিকআপটি ছেড়ে দেয়া হয়।”
বিষয়টি তদন্ত করে ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।
ভিওডি বাংলা/এমএস







