উখিয়া-টেকনাফ সীমান্তে ৫ লাখ ৭২ হাজার ইয়াবা জব্দ, আটক ১

কক্সবাজারের উখিয়া ও টেকনাফ সীমান্তে পৃথক তিনটি অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এসব অভিযানে মোট ৫ লাখ ৭২ হাজার পিস ইয়াবা জব্দের পাশাপাশি একজন চোরাকারবারীকে আটক করা হয়েছে।
বিজিবির প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৃহস্পতিবার (৪ জুন) রাত ও শুক্রবার (৫ জুন) বিভিন্ন সময়ে উখিয়া সীমান্তে এসব অভিযান পরিচালনা করা হয়।
শুক্রবার (৫ জুন) রাত আনুমানিক ১২টা ২০ মিনিটের দিকে উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি)-এর অধীন উনচিপ্রাং বিওপির দায়িত্বপূর্ণ টেকনাফ সীমান্তের ইছাকের ঘের এলাকায় থার্মাল ডিভাইসের মাধ্যমে তিনজন সন্দেহভাজন চোরাকারবারিকে শনাক্ত করে বিজিবি। পরে তাদের চ্যালেঞ্জ করা হলে তারা তিনটি পলিথিনের প্যাকেট ফেলে পালিয়ে যায়। পরবর্তীতে তল্লাশি চালিয়ে সেখান থেকে ২ লাখ ১২ হাজার ইয়াবা উদ্ধার করা হয়, যার বাজারমূল্য প্রায় ৬ কোটি ৩ হাজার ৬০০ টাকা বলে জানিয়েছে বিজিবি।
এর আগে বৃহস্পতিবার (৪ জুন) দিবাগত রাত সাড়ে ১০টার দিকে উখিয়ার পালংখালী সীমান্তের গুইজারখাল এলাকায় মিয়ানমার থেকে অনুপ্রবেশকালে দুই সন্দেহভাজন ব্যক্তিকে চ্যালেঞ্জ করে বিজিবি। এ সময় তারা দুটি ব্যাগ ফেলে পালিয়ে যায়। পরে ওই ব্যাগ থেকে প্রায় ৯ কোটি টাকা মূল্যের ৩ লাখ ইয়াবা জব্দ করা হয়।
এছাড়া একই রাতেই বালুখালী বিওপির টহল দল মাস্টারের ঘের এলাকায় অভিযান চালিয়ে মো. আমিন (২০) নামে এক যুবককে আটক করে। তার কাছ থেকে কাপড়ের পোটলায় লুকানো অবস্থায় ৬০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়। আটক আমিন উখিয়ার বালুখালী এলাকার বাসিন্দা।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি স্বীকার করেন, মিয়ানমার সীমান্ত থেকে ইয়াবাগুলো সংগ্রহ করে বেশি দামে বিক্রির উদ্দেশ্যে বহন করছিলেন।
এ বিষয়ে উখিয়া ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. জহিরুল ইসলাম বলেন, 'পালিয়ে যাওয়া মাদক চোরাকারবারিদের শনাক্ত ও গ্রেফতারের লক্ষ্যে গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। সীমান্ত সুরক্ষার পাশাপাশি মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবি সর্বোচ্চ সতর্কতা ও কঠোরতার সঙ্গে দায়িত্ব পালন করছে।'
ভিওডি বাংলা/এমএস







