রমেক হাসপাতালে রোগীদের হয়রানি, গ্রেপ্তার ৭

রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে রোগীদের হয়রানি করার অভিযোগে একটি চক্রের ৭ সদস্যকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। এই চক্রের সদস্যরা রোগীদের জিম্মি করে অতিরিক্ত ভাড়ায় নির্দিষ্ট অ্যাম্বুলেন্স সার্ভিস নিতে বাধ্য করতো।
শনিবার (৬ জুন) রংপুর মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) মিডিয়া সেল থেকে এ তথ্য জানানো হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন- ওমেদ আলী, রানা মিয়া, রাজু মিয়া, বিপ্লব মিয়া, ফরহাদ হোসেন, আরাফাত হোসেন আপেল, মারুফ হোসেন।
রংপুর মেট্রোপলিটন পুলিশ সূত্রে জানা গেছে, নগরবাসীর জন্য নিরাপদ, স্বাভাবিক ও জনবান্ধব সেবা নিশ্চিতে নিয়মিত অভিযানের ধারাবাহিকতায় সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল এলাকা থেকে ৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এই চক্র দীর্ঘদিন ধরে রমেক হাসপাতালে আসা রোগী ও তাদের স্বজনদের বিভিন্নভাবে হয়রানি করছিল। এতে ভুক্তভোগীরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত ও চিকিৎসা গ্রহণে ভোগান্তির শিকার হচ্ছিলেন।
আরএমপি আরও জানিয়েছে, চিকিৎসা খাতে কোনো ব্যক্তি বা গোষ্ঠী সাধারণ মানুষকে জিম্মি করে অবৈধ সুবিধা আদায়ের চেষ্টা করলে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। হাসপাতাল কেন্দ্রিক দালালি, চাঁদাবাজি, অতিরিক্ত ভাড়া আদায় ও জনভোগান্তি সৃষ্টিকারী যেকোনো অপতৎপরতার বিরুদ্ধে রংপুর মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) অভিযান অব্যাহত থাকবে।
ভিওডি বাংলা/এফএ







