• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

ব্রিটিশ-চীনা বিনিয়োগ প্রতিনিধি দলের সঙ্গে ইএটিএল ইনোভেশন হাবের বৈঠক

ভিওডি বাংলা ডেস্ক    ৬ জুন ২০২৬, ১০:৫৩ পি.এম.
ছবি: সংগৃহীত

বাংলাদেশে প্রযুক্তি, বাণিজ্য ও অবকাঠামো খাতে নতুন বিনিয়োগ সম্ভাবনা উন্মোচনের লক্ষ্যে রাজধানীতে অনুষ্ঠিত হলো ব্রিটিশ ও চীনা ব্যবসায়ী প্রতিনিধি দলের সঙ্গে গুরুত্বপূর্ণ নৈশভোজ ও আলোচনা সভা।

ঢাকায় আন্তর্জাতিক বিনিয়োগ ও প্রযুক্তিগত সহযোগিতার নতুন দিগন্ত খুঁজতে উচ্চপর্যায়ের ব্রিটিশ ও চীনা ব্যবসায়ী-বিনিয়োগকারী প্রতিনিধি দলের সম্মানে বিশেষ নৈশভোজ ও মতবিনিময় সভার আয়োজন করেছে ইএটিএল ইনোভেশন হাব লিমিটেড। শনিবার (৬ জুন) রাজধানীর দ্য ওয়েস্টিন ঢাকার বলরুমে এ আয়োজন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটির আয়োজন করেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক এম. এ. মুবিন খান।

বাংলাদেশ, যুক্তরাজ্য ও চীনের মধ্যে বাণিজ্য, প্রযুক্তি উদ্ভাবন এবং টেকসই উন্নয়নভিত্তিক বিনিয়োগ সম্প্রসারণের লক্ষ্যকে সামনে রেখে আয়োজিত এ সভা দুই দেশের পারস্পরিক সহযোগিতার নতুন সুযোগ তৈরির একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে বিবেচিত হয়।

অনুষ্ঠানে সরকারের শীর্ষ নীতিনির্ধারক, বিদেশি বিনিয়োগকারী, ব্যবসায়ী নেতা এবং বিভিন্ন খাতের প্রতিনিধিরা অংশ নেন। উপস্থিত ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী মিসেস আফরোজা খানম রিতা, এমপি; বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড. আব্দুল মঈন খান, এমপি; বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী, এমপি; বিভিন্ন মন্ত্রণালয়ের সচিব, ডিজিএমই-এর মহাপরিচালকসহ জ্যেষ্ঠ সরকারি কর্মকর্তা ও ব্যবসায়ী নেতারা।

ব্রিটিশ–চীনা প্রতিনিধি দলের নেতৃত্ব দেন কাউন্সিলর আব্দুল জব্বার এমবিই, ডেপুটি লিডার, ওল্ডহাম কাউন্সিল এবং চেয়ারম্যান, গ্রেটার ম্যানচেস্টার বাংলাদেশ পার্টনারশিপ বোর্ড। দলে আরও ছিলেন অ্যান্ড্রু ম্যাককালি (এমিরগ্রিন ক্যাপিটাল), ক্রিস বল্ডউইন (আর্কিটেক্টন কনস্ট্রাকশন), হাউ চুনলিন (ভিজিয়েন্ট হোল্ডিং লিমিটেড) এবং কিউ রান (শেং কাই ইন্টারন্যাশনাল লিমিটেড)।

আলোচনায় নবায়নযোগ্য জ্বালানি, অবকাঠামো, শিক্ষা, স্বাস্থ্য, পর্যটন ও প্রযুক্তি খাতে সম্ভাব্য বিনিয়োগ ও যৌথ উদ্যোগ নিয়ে বিস্তারিত মতবিনিময় হয়। প্রতিনিধি দলের সদস্যরা গ্রিন এনার্জি প্রকল্প, প্রযুক্তি স্থানান্তর, আন্তর্জাতিক অর্থায়ন, দক্ষ মানবসম্পদ উন্নয়ন এবং উদ্ভাবননির্ভর প্রবৃদ্ধিতে বাংলাদেশে সহযোগিতার আগ্রহ প্রকাশ করেন।

এ আয়োজনকে ২০২৫ সালের নভেম্বরে এম. এ. মুবিন খানের যুক্তরাজ্য সফরের ধারাবাহিকতা হিসেবে উল্লেখ করা হয়। ওই সফরে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সঙ্গে তার অংশগ্রহণে যুক্তরাজ্যের হাউস অব কমন্সে জিম ম্যাকমাহন ওবিই এমপি এবং গ্রেটার ম্যানচেস্টারের মেয়র অ্যান্ডি বার্নহামের সঙ্গে বৈঠক অনুষ্ঠিত হয়, যেখানে শিক্ষা, প্রযুক্তি ও বিনিয়োগ সহযোগিতা জোরদারের বিষয়ে আলোচনা হয়।

অনুষ্ঠানে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী মিসেস আফরোজা খানম রিতা, এমপি বলেন, বাংলাদেশ সরকার বিদেশি বিনিয়োগ আকর্ষণ, বাণিজ্য সম্প্রসারণ, অবকাঠামো উন্নয়ন ও ডিজিটাল রূপান্তরের মাধ্যমে দেশকে আঞ্চলিক উদ্ভাবন ও ব্যবসার কেন্দ্র হিসেবে গড়ে তুলতে কাজ করছে।

ড. আব্দুল মঈন খান, এমপি বলেন, যুক্তরাজ্য ও চীনের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং প্রবাসী বাংলাদেশিরা এই সম্পর্ককে আরও শক্তিশালী করতে বড় ভূমিকা রাখছেন। তিনি টেকসই অর্থনৈতিক উন্নয়নে সরকারি–বেসরকারি অংশীদারিত্ব জোরদারের ওপর গুরুত্ব দেন।

এম. এ. মুবিন খান বলেন, “বাংলাদেশ বর্তমানে প্রযুক্তিনির্ভর অর্থনীতির দিকে দ্রুত অগ্রসর হচ্ছে। আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে যৌথ উদ্যোগের মাধ্যমে আমরা ভবিষ্যৎ প্রজন্মকে প্রযুক্তিগত দক্ষতায় সমৃদ্ধ করতে এবং বৈশ্বিক বিনিয়োগের নতুন সুযোগ সৃষ্টি করতে প্রতিশ্রুতিবদ্ধ।”

তিনি আরও বলেন, “নবায়নযোগ্য জ্বালানি, কৃত্রিম বুদ্ধিমত্তা, ডিজিটাল অবকাঠামো, শিক্ষা এবং স্বাস্থ্যসেবার মতো গুরুত্বপূর্ণ খাতে আন্তর্জাতিক সহযোগিতা বাংলাদেশের দীর্ঘমেয়াদি ও টেকসই প্রবৃদ্ধিকে আরও শক্তিশালী করবে।”

বাংলাদেশের প্রথম বেসরকারি ইনোভেশন হাব হিসেবে ইএটিএল ইনোভেশন হাব লিমিটেড গাজীপুরের কালিয়াকৈর হাই-টেক পার্কে আধুনিক প্রযুক্তি অবকাঠামো পরিচালনা করছে। প্রতিষ্ঠানটি এআই, বিগ ডেটা, আইওটি, এআর ও ভিআরসহ বিভিন্ন ফ্রন্টিয়ার প্রযুক্তিতে কাজ করছে এবং দক্ষ জনশক্তি তৈরিতে ভূমিকা রাখছে।

বিশেষজ্ঞদের মতে, এ ধরনের উদ্যোগ আন্তর্জাতিক বিনিয়োগ ও প্রযুক্তি সহযোগিতার ক্ষেত্রে বাংলাদেশের অবস্থানকে আরও শক্তিশালী করবে।

ভিওডি বাংলা/এমএস 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বিএসইসি’র নতুন চেয়ারম্যান ইউনিলিভারের মাসুদ খান
বিএসইসি’র নতুন চেয়ারম্যান ইউনিলিভারের মাসুদ খান
বাংলাদেশসহ ৮৬ দেশে অতিরিক্ত শুল্ক আরোপের প্রস্তাব যুক্তরাষ্ট্রের
বাংলাদেশসহ ৮৬ দেশে অতিরিক্ত শুল্ক আরোপের প্রস্তাব যুক্তরাষ্ট্রের
সৃজনশীল অর্থনীতির বিকাশে জোর দিচ্ছে সরকার: অর্থমন্ত্রী
সৃজনশীল অর্থনীতির বিকাশে জোর দিচ্ছে সরকার: অর্থমন্ত্রী