যুক্তরাষ্ট্রকে হারিয়ে প্রস্তুতি শেষ জার্মানির

আক্রমণ-পাল্টা আক্রমণে জমে ওঠা এক লড়াইয়ে শেষ পর্যন্ত জয় পেয়েছে জার্মানি। বিশ্বকাপের আগে নিজেদের শেষ আন্তর্জাতিক প্রীতি ম্যাচে শনিবার যুক্তরাষ্ট্রকে ২-১ গোলে হারিয়েছে ইউলিয়ান নাগেলসমানের দল।
শিকাগোতে অনুষ্ঠিত ম্যাচের শুরুতেই এগিয়ে যায় জার্মানি। দ্বিতীয় মিনিটে যোশুয়া কিমিখের নিখুঁত ফ্রি-কিক থেকে দুর্দান্ত হেডে গোল করে দলকে লিড এনে দেন ফরোয়ার্ড কাই হাভার্টজ।
শুরুতেই পিছিয়ে পড়লেও দ্রুত ম্যাচে ফেরার চেষ্টা করে স্বাগতিক যুক্তরাষ্ট্র। প্রথমার্ধের ৩৭তম মিনিটে অ্যান্টনি রবিনসনের অসাধারণ এক ভলিতে সমতায় ফেরে দলটি। কর্নার থেকে আসা বল জার্মান রক্ষণভাগ পুরোপুরি ক্লিয়ার করতে ব্যর্থ হলে বক্সের বাইরে থেকে জোরালো শটে জাল খুঁজে নেন তিনি।
১-১ সমতায় শেষ হয় প্রথমার্ধ।
বিরতির পর আবারও আক্রমণের ধার বাড়ায় জার্মানি। ম্যাচের ৫৭তম মিনিটে কাই হাভার্টজের বাড়ানো বল থেকে বাঁ পায়ের নিখুঁত শটে গোল করেন লেরয় সানে। তার এই গোলই শেষ পর্যন্ত ম্যাচের ব্যবধান গড়ে দেয়।
পুরো ম্যাচে বল দখলে সামান্য এগিয়ে ছিল যুক্তরাষ্ট্র। তারা ৫২ শতাংশ সময় বলের নিয়ন্ত্রণ ধরে রাখে। গোলের উদ্দেশ্যে ১৬টি শট নেয় মার্কিনরা, যার মধ্যে চারটি ছিল লক্ষ্যে। অন্যদিকে জার্মানি ১২টি শট নিয়ে চারটি লক্ষ্যে রাখতে সক্ষম হয়।
বিশ্বকাপের মূল পর্ব শুরুর আগে দুই দলের জন্যই এটি ছিল শেষ প্রস্তুতি ম্যাচ। বাংলাদেশ সময় আগামী শনিবার প্যারাগুয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে যুক্তরাষ্ট্র। অন্যদিকে ১৪ জুন টুর্নামেন্টের নবাগত দল কুরাসাওয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করবে চারবারের বিশ্বচ্যাম্পিয়ন জার্মানি।
ভিওডি বাংলা/আ







