বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবির নতুন সভাপতি তামিম ইকবাল

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচনে বড় চমক ছাড়াই নেতৃত্বে এলেন জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল। পরিচালক পদে সর্বোচ্চ ভোট পাওয়ার পর এবার বিনা প্রতিদ্বন্দ্বিতায় তিনি বোর্ড সভাপতি নির্বাচিত হয়েছেন।
রোববার (৭ জুন) মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিসিবি নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।
তবে সভাপতি পদে কোনো ভোট হয়নি, কারণ এই পদে একমাত্র প্রার্থী ছিলেন তামিম ইকবাল। ফলে তিনি বিসিবির ১৮তম এবং নির্বাচিত ষষ্ঠ সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করতে যাচ্ছেন। সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন ফাহিম সিনহা।
নির্বাচনে ঢাকার ক্লাব ক্যাটাগরি থেকে পরিচালক পদে জয়ী হয়েছেন তামিম ইকবাল, মাসুদুজ্জামান, রফিকুল ইসলাম বাবু, ইয়াসির আব্বাস, ইশরাফিল খসরু, সাঈদ ইব্রাহিম, শাহনিয়ান তানিম, ফাহিম সিনহা, ইয়াসির ফয়সাল, আসিফ রাব্বানি, ডা. মাহবুব শামীম ও সাকেফ আহমেদ সালাম।
ভোটের ফলাফলে দেখা যায়, সর্বোচ্চ ৭৩ ভোট পেয়ে শীর্ষে রয়েছেন তামিম ইকবাল। দ্বিতীয় সর্বোচ্চ ৭২ ভোট করে পেয়েছেন সাইদ ইব্রাহিম আহমেদ ও ইশরাফিল খসরু। মাসুদুজ্জামান পেয়েছেন ৭০ ভোট এবং ফয়সাল ইয়াসির পেয়েছেন ৬৮ ভোট।
ফাহিম সিনহা ও শাহনিয়ান তানিম সমান ৬৬ ভোট করে পেয়েছেন। আসিফ রাব্বানি পেয়েছেন ৬৪ ভোট, মির্জা ইয়াসির আব্বাস পেয়েছেন ৬৩ ভোট। রফিকুল ইসলাম বাবু পেয়েছেন ৫৩ ভোট এবং ড. শামীম পেয়েছেন ৪১ ভোট।
এবারের নির্বাচনে ক্লাব ক্যাটাগরিতে মোট ৭৬টি ভোটের মধ্যে ৭৪টি ভোট কাস্ট হয়।
ভিওডি বাংলা/এমএস







