বিশ্বকাপের ভাগ্য গণনায় হাতি-গরিলা-জিরাফ, কার পক্ষে প্রাণীদের ভবিষ্যদ্বাণী?

বিশ্বকাপ ফুটবল ঘনিয়ে এলেই মাঠের লড়াইয়ের পাশাপাশি শুরু হয় নানা রকম মজার আয়োজন। ২০১০ বিশ্বকাপে জার্মানির বিখ্যাত ‘পল অক্টোপাস’ নির্ভুল ভবিষ্যদ্বাণী দিয়ে বিশ্বজুড়ে আলোচনায়ে আসে। সেই ধারাবাহিকতায় ২০২৬ বিশ্বকাপকে ঘিরেও বিভিন্ন প্রাণীকে দিয়ে ম্যাচের ফলাফল ভবিষ্যদ্বাণী করানো হচ্ছে।
মেক্সিকোর গুয়াদালাহারা চিড়িয়াখানায় ২০২৬ বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ নিয়ে ভবিষ্যদ্বাণী করেছে দুটি হাতি। তাদের সামনে দুটি ভিন্ন স্থানে খাবার রাখা হয়। একটিতে ছিল মেক্সিকোর পতাকা, অন্যটিতে দক্ষিণ আফ্রিকার পতাকা। হাতি দুটি শেষ পর্যন্ত মেক্সিকোর পতাকার সামনে রাখা খাবারই বেছে নেয়।
আয়োজকদের ধারণা, আগামী ১১ জুন অনুষ্ঠিত উদ্বোধনী ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে জয় পেতে পারে মেক্সিকো।
শুধু হাতিই নয়, ভবিষ্যদ্বাণীর তালিকায় রয়েছে গরিলাও। ‘চেনচি’ ও ‘ফাউস্তিনা’ নামের দুটি গরিলাকে স্পেন ও উরুগুয়ের মধ্যকার ২৬ জুনের ম্যাচ নিয়ে ‘মতামত’ দিতে বলা হয়। তাদের সামনে দুই দলের প্রতীকযুক্ত খাবারভর্তি পাত্র রাখা হয়। একটি গরিলা সরাসরি উরুগুয়ের পাত্রের দিকে ছুটে যায়। ফলে গরিলাদের পছন্দের তালিকায় এগিয়ে রয়েছে উরুগুয়ে।
অপরদিকে ‘মুলুক’ নামের একটি পুমাও বিশ্বকাপ ভবিষ্যদ্বাণীতে অংশ নিয়েছে। তার পছন্দ অনুযায়ী, চেক প্রজাতন্ত্রের বিপক্ষে জয় পাবে দক্ষিণ কোরিয়া।
অন্যদিকে, ছয়টি জিরাফের ‘ভোট’ গেছে কঙ্গোর পক্ষে। তাদের মতে, কলম্বিয়ার বিপক্ষে জয় তুলে নিতে পারে আফ্রিকার দেশটি।
গুয়াদালাহারা চিড়িয়াখানার কিপার ইভান রেইনোসো জানিয়েছেন, বিশ্বকাপ চলাকালীন আরও অনেক ম্যাচ নিয়ে প্রাণীদের মাধ্যমে ভবিষ্যদ্বাণী করানো হবে।
তিনি বলেন, ‘প্রতিটি প্রাণী তাদের নিজস্ব উপায়ে বিভিন্ন ম্যাচের সম্ভাব্য ফলাফল বেছে নেবে।’ তবে এসব ভবিষ্যদ্বাণী মূলত দর্শকদের বিনোদনের জন্য আয়োজন করা হলেও বিশ্বকাপের আবহে তা ইতোমধ্যে বেশ কৌতূহল তৈরি করেছে।
ভিওডি বাংলা/আরকেএইচ/এমএস







