• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

আজ থেকে মেট্রোরেলে আসছে নতুন সময়সূচি

নিজস্ব প্রতিবেদক    ৭ জুন ২০২৬, ০৮:৫৭ এ.এম.
ছবি: ভিওডি বাংলা

ঢাকার গণপরিবহন ব্যবস্থায় নতুন সুবিধা যুক্ত হলো। নতুন সময়সূচি অনুযায়ী, উত্তরা ও মতিঝিল-উভয় প্রান্ত থেকেই শেষ ট্রেন ছাড়ার সময় ২০ মিনিট পিছিয়ে দেওয়া হয়েছে। মেট্রোরেল পরিচালনাকারী প্রতিষ্ঠান ঢাকা মাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) জানিয়েছে, যাত্রীদের চাহিদা ও সেবার মান উন্নয়নের লক্ষ্যে এই সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে। 

রোববার (৭ জুন) থেকে রাজধানীর ব্যস্ত নগরজীবনে যাত্রীদের চলাচল আরও স্বস্তিদায়ক করতে মেট্রোরেলের রাতের সেবার সময় বাড়ানো হয়েছে। 

 দীর্ঘদিন ধরে রাতের দিকে যাত্রীচাপ এবং অফিসফেরত মানুষের সুবিধার বিষয়টি বিবেচনায় নিয়ে নতুন সময়সূচি নির্ধারণ করা হয়েছে। সংশোধিত সূচি অনুযায়ী, মতিঝিল স্টেশন থেকে উত্তরামুখী দিনের শেষ মেট্রোরেল ছাড়বে রাত ১০টা ৩০ মিনিটে। আগে এই ট্রেন ছাড়ত রাত ১০টা ১০ মিনিটে।  

একইভাবে উত্তরা উত্তর স্টেশন থেকে মতিঝিলগামী শেষ ট্রেন ছেড়ে যাবে রাত ৯টা ৫০ মিনিটে, যেখানে এতদিন শেষ যাত্রা ছিল রাত সাড়ে ৯টায়।ডিএমটিসিএল সূত্রে জানা গেছে, রাতের সেবা সম্প্রসারণের আগে প্রায় এক মাস ধরে বিভিন্ন পর্যায়ে পরিচালনাগত পরীক্ষা ও প্রস্তুতিমূলক কার্যক্রম চালানো হয়েছে। সব ধরনের মূল্যায়ন শেষে নতুন সময়সূচি চালুর সিদ্ধান্ত নেওয়া হয়।

নতুন ব্যবস্থায় অতিরিক্ত সময়ের মধ্যে উভয় দিকেই একটি করে বাড়তি ট্রিপ পরিচালনা করা হবে। অর্থাৎ মতিঝিলমুখী একটি এবং উত্তরামুখী একটি অতিরিক্ত ট্রেন চলাচল করবে। এ সময় ট্রেনের ব্যবধান প্রায় ১০ মিনিট রাখা হবে, যাতে যাত্রীরা নিরবচ্ছিন্ন সেবা পান। ডিএমটিসিএলের পরিচালক (অপারেশন অ্যান্ড মেইনটেন্যান্স) নজরুল ইসলাম বলেছেন, বর্ধিত সময়সূচি বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন হয়েছে। যাত্রীদের সাড়া এবং বাস্তব পরিস্থিতি পর্যবেক্ষণ করে ভবিষ্যতে আরও সময় বাড়ানোর বিষয়ে উদ্যোগ নেওয়া হতে পারে।

তবে এ ধরনের সিদ্ধান্ত সরকারের নীতিনির্ধারণী পর্যায়ের অনুমোদনের ওপর নির্ভর করবে। সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, মেট্রোরেলের দীর্ঘমেয়াদি পরিকল্পনার অংশ হিসেবে ভবিষ্যতে মতিঝিল থেকে রাত ১১টা পর্যন্ত এবং উত্তরা থেকে রাত ১০টার পর পর্যন্ত ট্রেন চলাচল নিশ্চিত করার চিন্তা রয়েছে।

তবে একসঙ্গে বড় পরিবর্তনের পরিবর্তে ধাপে ধাপে সেবার সময় বৃদ্ধি করে যাত্রী চাহিদা, পরিচালন ব্যয় এবং প্রযুক্তিগত সক্ষমতা মূল্যায়নের কৌশল গ্রহণ করা হয়েছে।বর্তমান সূচি অনুযায়ী, উত্তরা উত্তর স্টেশন থেকে প্রথম ট্রেন ছেড়ে যায় সকাল ৬টা ৩০ মিনিটে।

অন্যদিকে মতিঝিল থেকে প্রথম উত্তরাগামী ট্রেন যাত্রা শুরু করে সকাল ৭টা ১৫ মিনিটে। সকালবেলার ট্রেন চলাচলের সময়সূচিতে আপাতত কোনো পরিবর্তন আনার পরিকল্পনা নেই বলে জানিয়েছে কর্তৃপক্ষ। বর্তমানে এমআরটি লাইন-৬ এ প্রতিদিন মোট ২৯৭টি ট্রিপ পরিচালিত হচ্ছে। নতুন সময়সূচি কার্যকর হওয়ার ফলে ট্রিপের সংখ্যাও কিছুটা বৃদ্ধি পাবে। উত্তরা-মতিঝিল রুটে চলাচলের জন্য এখন ২৪ সেট ট্রেন প্রস্তুত রয়েছে। 

প্রতিটি ট্রেনে ছয়টি করে কোচ রয়েছে। সাধারণত ব্যস্ত সময়ে ১২ সেট ট্রেন পরিচালনা করা হলেও বর্ধিত সেবা নিশ্চিত করতে প্রয়োজনে ১৪ সেট ট্রেন ব্যবহারের প্রস্তুতি রাখা হয়েছে। 

ভিওডি বাংলা/জা

 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বসুন্ধরায় র‍্যাবের অভিযানে বিপুল হাইব্রিড গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ২
বসুন্ধরায় র‍্যাবের অভিযানে বিপুল হাইব্রিড গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ২
ধানমন্ডি লেক বাণিজ্যিকভাবে ব্যবহার হবে না: ডিএসসিসি প্রশাসক
ধানমন্ডি লেক বাণিজ্যিকভাবে ব্যবহার হবে না: ডিএসসিসি প্রশাসক
ধানমন্ডির জলাবদ্ধতা নিরসনে ৩৫০ কোটি টাকার প্রকল্প বাস্তবায়ন: সেতুমন্ত্রী
ধানমন্ডির জলাবদ্ধতা নিরসনে ৩৫০ কোটি টাকার প্রকল্প বাস্তবায়ন: সেতুমন্ত্রী