সেন্ট পিটার্সবার্গে ইউক্রেনের নজিরবিহীন হামলা

রাশিয়ার দ্বিতীয় বৃহত্তম শহর সেন্ট পিটার্সবার্গ ও এর আশপাশের এলাকায় ‘নজিরবিহীন’ ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। শহরটিতে একটি আন্তর্জাতিক অর্থনৈতিক ফোরামের সমাপনী অনুষ্ঠান চলাকালে এ হামলার ঘটনা ঘটে বলে জানিয়েছে রাশিয়া। খবর বিবিসির।
লেনিনগ্রাদ অঞ্চলের গভর্নর আলেকজান্দর দ্রোজদেঙ্কো জানান, সেন্ট পিটার্সবার্গের আশপাশের বিভিন্ন এলাকায় ১৪০টিরও বেশি ইউক্রেনীয় ড্রোন ভূপাতিত করা হয়েছে।
অন্যদিকে সেন্ট পিটার্সবার্গের গভর্নর আলেকজান্ডার বেগলভ বলেন, ২০২২ সালে ইউক্রেনে রাশিয়ার পূর্ণমাত্রার সামরিক অভিযান শুরুর পর এই প্রথম নগরবাসীকে ঘরের ভেতরে অবস্থান করার আহ্বান জানানো হয়েছে।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি হামলাকে রুশ আগ্রাসনের বিরুদ্ধে ‘ন্যায়সঙ্গত জবাব’ হিসেবে উল্লেখ করেছেন। তিনি দাবি করেন, ইউক্রেনীয় বাহিনী রাশিয়ার অস্ত্রাগার ও একটি নৌঘাঁটিতে সফলভাবে আঘাত হেনেছে।
হামলায় অংশ নেওয়া ইউক্রেনীয় একটি ইউনিটের কমান্ডার দাবি করেছেন, রাশিয়ার অভ্যন্তরের লক্ষ্যবস্তুতে আঘাত হানা তুলনামূলকভাবে সহজ ছিল।
এ হামলার একদিন আগে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির সরাসরি আলোচনার আহ্বান প্রত্যাখ্যান করে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছিলেন, ‘জেলেনস্কির সঙ্গে সাক্ষাতের কোনো অর্থ নেই।’ এর কয়েক দিন আগেও সেন্ট পিটার্সবার্গে রাশিয়ার প্রধান অর্থনৈতিক ফোরাম শুরু হওয়ার সময় শহরটির উপকণ্ঠে হামলা চালিয়েছিল ইউক্রেন।
সাম্প্রতিক এই হামলা রাশিয়া-ইউক্রেন যুদ্ধের উত্তেজনা আরও বাড়িয়ে তুলেছে বলে মনে করছেন বিশ্লেষকরা।
ভিওডি বাংলা/আ







