সিটি প্রশাসকের বিদেশ সফর বাতিল করলেন প্রধানমন্ত্রী

স্ট্রিট লাইটিংয়ের বিদ্যুৎ সাশ্রয়ী আধুনিক প্রযুক্তি বিষয়ে অভিজ্ঞতা অর্জনের জন্য রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসকের ফ্রান্স সফরের প্রস্তাব বাতিল করেছেন প্রধানমন্ত্রী। তবে একই সফরের জন্য সিটি করপোরেশনের বিদ্যুৎ বিভাগের নির্বাহী প্রকৌশলীর আবেদন অনুমোদন করা হয়েছে।
সোমবার (৮ জুন) স্থানীয় সরকার বিভাগের পাঠানো একটি সার-সংক্ষেপের ওপর মন্তব্য করে এ সিদ্ধান্ত দেন প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্রে জানা গেছে, সিগনিফাই বাংলাদেশ লিমিটেডের আমন্ত্রণে ফ্রান্সের আউটডোর লাইটিং অ্যাপ্লিকেশন সেন্টার পরিদর্শনের জন্য দুই কর্মকর্তার বিদেশ সফরের প্রস্তাব পাঠানো হয়েছিল।
এ বিষয়ে মতামত দিতে গিয়ে প্রধানমন্ত্রী উল্লেখ করেন, ‘এ বিষয়ে কোন প্রকৌশলী জ্ঞান আহরন করলে তা রাজশাহী সিটি করপোরেশনের কাজে লাগবে। রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক প্রকৌশলী নয় বিধায় তার যাওয়া কোন গূরুত্ব বহন করে না। এ সফরে শুধু প্রস্তাবিত নির্বাহী প্রকৌশলী (বিদ্যুৎ) প্রয়োজনে যেতে পারেন।’ একই সঙ্গে ভবিষ্যতে এমন প্রযুক্তিনির্ভর কাজে বুয়েটসহ দেশের প্রকৌশল বিশ্ববিদ্যালয়গুলোর কারিগরি সহায়তা নেওয়ার পরামর্শ দেন তিনি।
সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, রাষ্ট্রীয় উন্নয়ন কর্মকাণ্ডে প্রকৃত বিশেষজ্ঞদের সম্পৃক্ত করার বিষয়ে প্রধানমন্ত্রী বরাবরই গুরুত্ব দিয়ে থাকেন। যেসব ব্যক্তির পেশাগত বা প্রাতিষ্ঠানিক দক্ষতা সরাসরি কোনো কাজের সঙ্গে সম্পর্কিত নয়, তাদের বিদেশ সফরে পাঠিয়ে রাষ্ট্রীয় অর্থ ব্যয়ের বিরোধী তিনি।
সূত্র আরও জানায়, অর্থ সাশ্রয় ও সঠিক ক্ষেত্রে সঠিক জনবল ব্যবহারের নীতির অংশ হিসেবেই এ ধরনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর আগেও মশা নিয়ন্ত্রণ কার্যক্রম পর্যবেক্ষণের জন্য চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়রসহ কয়েকজন কর্মকর্তার যুক্তরাষ্ট্র সফরের প্রস্তাব একইভাবে বাতিল করেছিলেন প্রধানমন্ত্রী।
ভিওডি বাংলা/এমএস







