অবশেষে লুকোচুরির অবসান, প্রেম প্রকাশ্যে আনলেন ট্রুডো-কেটি পেরি

রাজনীতি ও বিনোদন দুই ভিন্ন অঙ্গনের দুই বিশ্বখ্যাত তারকা। তবে দীর্ঘদিনের জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে নিজেদের সম্পর্ককে প্রকাশ্যে স্বীকৃতি দিলেন কানাডার সাবেক প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো এবং পপ তারকা কেটি পেরি।
সম্প্রতি নিউইয়র্কে অনুষ্ঠিত ট্রাইবেকা ফেস্টিভ্যালে কেটি পেরির নতুন কনসার্ট ফিল্ম ‘দ্য লাইফটাইমস ট্যুর’-এর প্রিমিয়ারে প্রথমবারের মতো জুটি হিসেবে রেড কার্পেটে হাঁটেন তারা। সাদা ভিনটেজ ল্যানভিন গাউনে কেটি পেরি এবং কালো স্যুটে জাস্টিন ট্রুডোর উপস্থিতি অনুষ্ঠানজুড়ে বিশেষ আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে ওঠে।
অনুষ্ঠান শেষে ট্রুডো নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে কেটির সঙ্গে তোলা দুটি ছবি শেয়ার করেন। পোস্টের ক্যাপশনে তিনি লেখেন, ‘কী বিশেষ একটি রাত! স্ক্রিনে যেমন আগুন পারফরম্যান্স, দর্শকদের মাঝেও তেমনই তুমুল এনার্জি। কেটি, তোমার পাশে থাকতে পেরে আমি ভীষণ সুখী।’
ট্রুডোর ওই পোস্টে কেটি পেরিও মজার ছলে মন্তব্য করেন। তিনি লেখেন, ‘তোমার জন্য এটা কেটি নয়, ক্যাথরিন, বেবি!’ দুজনের এই খুনসুটিপূর্ণ কথোপকথন দ্রুতই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
২০২৫ সালের মাঝামাঝি সময়ে অভিনেতা অরল্যান্ডো ব্লুমের সঙ্গে কেটি পেরির বিচ্ছেদের পর থেকেই ট্রুডোর সঙ্গে তার সম্পর্ক নিয়ে গুঞ্জন শুরু হয়। পরে ২০২৫ সালের ডিসেম্বরে জাপান সফরের কিছু ছবি প্রকাশের মাধ্যমে কেটি সম্পর্কের ইঙ্গিত দেন। তবে এবার ট্রুডোর প্রকাশ্য পোস্টের মধ্য দিয়ে সেই সম্পর্ক আনুষ্ঠানিক স্বীকৃতি পেল।
এর আগে কোচেলা মিউজিক ফেস্টিভ্যাল এবং দাভোসে অনুষ্ঠিত ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামসহ বিভিন্ন অনুষ্ঠানে তাদের একসঙ্গে দেখা যাওয়ায় আলোচনা আরও জোরালো হয়েছিল।
ইতোমধ্যে আন্তর্জাতিক গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীদের অনেকেই এই জুটিকে ‘কানাডার রয়্যাল কাপল’ হিসেবে আখ্যা দিতে শুরু করেছেন। রাজনীতি ও সংগীতজগতের দুই আলোচিত ব্যক্তিত্বের এই সম্পর্ক এখন বিশ্বজুড়ে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।
ভিওডি বাংলা/এমএস







