আলোচিত সেই নাসির-তামিমা মামলার রায় আজ

চার বছরেরও বেশি সময় ধরে আলোচিত ক্রিকেটার নাসির হোসাইন ও তার স্ত্রী তামিমা সুলতানা তাম্মিকে ঘিরে চলা মামলার রায় আজ বুধবার (১০ জুন) ঘোষণা করা হবে। অন্যের স্ত্রীকে প্রলুব্ধ করে নিয়ে যাওয়া, ব্যভিচার এবং মানহানির অভিযোগে দায়ের হওয়া এ মামলার রায় দেবেন আদালত।
ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলামের আদালতে আজ বহুল আলোচিত এ মামলার রায় ঘোষণা হওয়ার কথা রয়েছে।
মামলার নথি অনুযায়ী, ২০২১ সালের ১৪ ফেব্রুয়ারি রাজধানীর উত্তরার একটি রেস্তোরাঁয় নাসির হোসাইন ও তামিমা সুলতানা তাম্মির বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। পরবর্তীতে অভিযোগ ওঠে, আগের স্বামীকে তালাক না দিয়েই তামিমা এ বিয়ে করেছেন।
এ ঘটনার জেরে একই বছরের ২৪ ফেব্রুয়ারি তামিমার সাবেক স্বামী রাকিব আদালতে মামলা দায়ের করেন।
তদন্ত শেষে ২০২১ সালের ৩০ সেপ্টেম্বর পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) আদালতে প্রতিবেদন জমা দেয়। পরে ২০২২ সালের ৭ ফেব্রুয়ারি আদালত আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচারকার্য শুরু করেন।
চলতি বছরের ৬ মে মামলার উভয় পক্ষের শুনানি শেষ হয়। সেদিন যুক্তিতর্ক উপস্থাপন শেষে আদালত ১০ জুন রায় ঘোষণার দিন ধার্য করেন। শুনানিতে বাদীপক্ষ আসামিদের সর্বোচ্চ শাস্তির দাবি জানায়, অন্যদিকে আসামিপক্ষ তাদের খালাস চেয়ে আবেদন করে।
প্রচলিত আইন অনুযায়ী, অভিযোগ প্রমাণিত হলে নাসির হোসাইন ও তামিমা সুলতানা তাম্মির ৫ থেকে ৭ বছরের কারাদণ্ড হতে পারে।
ভিওডি বাংলা/এমএস







