• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
ডেঙ্গু পরিস্থিতিতে অতিরিক্ত চিকিৎসক নিয়োগ দেওয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী স্বাস্থ্য খাতে আসছে ইতিহাসের সর্বোচ্চ বাজেট : স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিশ্বশান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশ আজ স্বীকৃত নাম : সেনাপ্রধান ছয় জাতির আন্তর্জাতিক হ্যান্ডবল টুর্নামেন্টের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী এবার মন্ত্রণালয় থেকে চুরি হলো ল্যাপটপ সোলার এনার্জিতে অধিক সাশ্রয়ী পদ্মা সেতুর সার্ভিস এরিয়া বৃক্ষরোপণের মাধ্যমে বাসযোগ্য পৃথিবী গড়ার আহ্বান ডা. জুবাইদার প্রাথমিক শিক্ষায় শিল্প ও সংস্কৃতি বিষয়ক পাঠ্যবই যুক্ত হচ্ছে: ববি হাজ্জাজ বিশ্ব শান্তিপ্রতিষ্ঠায় বদ্ধপরিকর শান্তিরক্ষীরা: প্রধানমন্ত্রী লেক পারাপারে দুর্ভোগ, ধানমন্ডি লেকের সেতু সংস্কার এখনো স্থবির

সোলার এনার্জিতে অধিক সাশ্রয়ী পদ্মা সেতুর সার্ভিস এরিয়া

নিজস্ব প্রতিবেদক    ১০ জুন ২০২৬, ০২:১৮ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

দেশের মেগা অবকাঠামো পদ্মা সেতুর রক্ষণাবেক্ষণ ও পরিচালনায় পরিবেশবান্ধব গ্রিন এনার্জি বা নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার এক নতুন মাইলফলক স্পর্শ করেছে। বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের আওতাধীন পদ্মা সেতুর সার্ভিস এরিয়া-২ তে ২.৪৯ MWp (মেগাওয়াট পিক) ক্ষমতার একটি অত্যাধুনিক সোলার সিস্টেম সফলভাবে স্থাপন ও চালু করা হয়েছে। এই সোলার সিস্টেম ব্যবহারের ফলে সেতু এলাকায় বিপুল পরিমাণ বিদ্যুৎ সাশ্রয় হচ্ছে, যা জাতীয় জ্বালানি নিরাপত্তা নিশ্চিতকরণে সরকারের গৃহীত পদক্ষেপে বড় অবদান রাখছে। সোলার সিস্টেমটি চালু হওয়ার পর থেকেই উল্লেখযোগ্য পরিমাণে বিদ্যুৎ সাশ্রয় হচ্ছে।

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশজুড়ে নবায়নযোগ্য জ্বালানি ও সোলার সিস্টেমের ব্যবহার বাড়াতে দেশবাসীকে প্রতিনিয়ত উৎসাহিত ও অনুপ্রাণিত করছেন। প্রধানমন্ত্রীর এই গ্রিন এনার্জি রূপান্তরের ভিশন বাস্তবায়নে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী এবং মাননীয় প্রতিমন্ত্রী নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।

পদ্মা সেতু এলাকায় সোলার সিস্টেম ব্যবহারের ফলে বিদ্যুৎ সাশ্রয় সংক্রান্ত এক বিবৃতিতে সেতু বিভাগের সচিব ও বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক মোহাম্মদ আবদুর রউফ বলেন, পদ্মা সেতুর মতো একটি জাতীয় স্থাপনায় নবায়নযোগ্য জ্বালানির এই সফল প্রয়োগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি কেবল বিদ্যুৎ বিলের খরচই কমাচ্ছে না, বরং পরিবেশ রক্ষায় এবং কার্বন নিঃসরণ কমাতেও বড় ভূমিকা রাখছে। সরকারের দূরদর্শী নীতি বাস্তবায়নে সেতু কর্তৃপক্ষ সবসময়ই অগ্রগামী ভূমিকা পালন করবে।

পদ্মা সেতুর সার্ভিস এরিয়া-২ তে স্থাপিত এই সোলার সিস্টেমের উৎপাদিত বিদ্যুৎ 'নেট মিটারিং' পদ্ধতিতে জাতীয় গ্রিডের সঙ্গে যুক্ত করা হয়েছে। দিনের আলোতে সোলার প্যানেল থেকে উৎপাদিত বিদ্যুৎ সার্ভিস এরিয়ার নিজস্ব চাহিদা পূরণ করছে। চাহিদা পূরণের পর অতিরিক্ত বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে। রাতে বা মেঘলা দিনে গ্রিড থেকে নেওয়া বিদ্যুতের সঙ্গে দিনের বেলা সরবরাহকৃত বিদ্যুতের হিসাব সমন্বয় করা হচ্ছে। এর ফলে সার্ভিস এরিয়ার সামগ্রিক বিদ্যুৎ বিল বিপুল পরিমাণ হ্রাস পেয়েছে এবং বড় অঙ্কের সরকারি অর্থ সাশ্রয় হচ্ছে। পরিবেশের ভারসাম্য রক্ষার পাশাপাশি এটি একটি অত্যন্ত সাশ্রয়ী মডেল হিসেবে প্রমাণিত হয়েছে।

উল্লেখ্য, সার্ভিস এরিয়া-২ এ সৌরবিদ্যুৎ ব্যবহারের ফলে জুন ২০২৬ মাসে কোনো বিদ্যুৎ বিল আসেনি; শুধুমাত্র ডিমান্ড চার্জ বাবদ ৭৫ হাজার ৭১৪ টাকা বিল এসেছে। গত মে মাসের বিদ্যুৎ বিল ছিল ৫ লাখ ২১ হাজার ৬৪ টাকা। মে মাসে জাতীয় গ্রিডে সরবরাহ করা হয়েছে ৫৪ হাজার kWh (ইউনিট) বিদ্যুৎ এবং শরীয়তপুর পল্লী বিদ্যুৎ থেকে ব্যবহার করা হয়েছে ৩৪ হাজার kWh (ইউনিট)। ফলে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের উদ্ধৃত রয়েছে ২০ হাজার ইউনিট বিদ্যুৎ।

এছাড়া, পদ্মা সেতুর সার্ভিস এরিয়া-১, সার্ভিস এরিয়া-২ এবং সার্ভিস এরিয়া-৩ মিলিয়ে মোট সোলার উৎপাদন ক্ষমতা ৬.০৩ মেগাওয়াট। সার্ভিস এরিয়া-১ এবং সার্ভিস এরিয়া-৩ এ নেট মিটারিং কার্যক্রমও চলমান রয়েছে।

নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার সম্প্রসারণ এবং সরকারি ব্যয় সাশ্রয়ের এই উদ্যোগ ভবিষ্যতে দেশের অন্যান্য গুরুত্বপূর্ণ অবকাঠামো প্রকল্পের জন্যও একটি কার্যকর ও পরিবেশবান্ধব মডেল হিসেবে বিবেচিত হতে পারে।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শহীদ জিয়ার ৪৫তম শাহাদাতবার্ষিকীর অনুষ্ঠানে পানি সম্পদ মন্ত্রী
শহীদ জিয়ার ৪৫তম শাহাদাতবার্ষিকীর অনুষ্ঠানে পানি সম্পদ মন্ত্রী
আজ আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস
আজ আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস
বিমান বাহিনীর ১৩১তম জুনিয়র কমান্ড ও স্টাফ কোর্সের সনদপত্র বিতরণ
বিমান বাহিনীর ১৩১তম জুনিয়র কমান্ড ও স্টাফ কোর্সের সনদপত্র বিতরণ