ডেঙ্গু পরিস্থিতিতে অতিরিক্ত চিকিৎসক নিয়োগ দেওয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী

ডেঙ্গু রোগীর সংখ্যা বৃদ্ধি পেলে মানুষের জীবন রক্ষায় প্রয়োজন অনুযায়ী অতিরিক্ত চিকিৎসকের ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।
বুধবার (১০ জুন) সকালে জাতীয় প্রেসক্লাবে শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদতবার্ষিকী উপলক্ষে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। প্রেসক্লাবে শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদতবার্ষিকী উপলক্ষে (ড্যাব) আয়োজিত আলোচনা সভায় বক্তব্য দেন স্বাস্থ্যমন্ত্রী
স্বাস্থ্যমন্ত্রী বলেন, ডেঙ্গু মোকাবিলায় সরকার ও চিকিৎসক সমাজ একসঙ্গে কাজ করছে এবং ইতোমধ্যে অনেক দূর এগিয়েছে। তবে সামনে আরও বড় চ্যালেঞ্জ আসতে পারে। এ সময় তিনি সবাইকে নিজ নিজ অবস্থান থেকে পরিচ্ছন্নতা বজায় রাখা এবং ডেঙ্গু প্রতিরোধ ও চিকিৎসার নির্ধারিত প্রটোকল অনুসরণের আহ্বান জানান।
চিকিৎসকদের উদ্দেশে তিনি বলেন, সারা দেশে তাদের একটি শক্তিশালী নেটওয়ার্ক রয়েছে। তাই অপ্রয়োজনে অ্যান্টিবায়োটিক ব্যবহার না করা এবং রোগীর প্লাজমা লিকেজ শুরু হলে বিশেষ সতর্কতার সঙ্গে চিকিৎসা দেওয়ার বিষয়ে সবাইকে সচেতন করতে হবে। তিনি বলেন, প্লাজমা লিক হলে দ্রুত প্রয়োজনীয় ফ্লুইড দেওয়া জরুরি, যাতে রোগী শকে চলে না যায়।
মন্ত্রী আরও বলেন, পরিস্থিতির অবনতি হলে বা রোগীর সংখ্যা বেড়ে গেলে দ্রুত সরকারকে জানাতে হবে। প্রয়োজন হলে চিকিৎসকদের দায়িত্ব ভাগ করে দেওয়া হবে, তবুও মানুষের জীবন রক্ষায় সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাওয়া হবে।
আলোচনা সভায় শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রাজনৈতিক অবদানের কথাও উল্লেখ করেন তিনি। তার বক্তব্যে তিনি বলেন, জিয়াউর রহমান দেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠার মাধ্যমে সবার জন্য রাজনীতির সুযোগ সৃষ্টি করেছিলেন।
এ সময় তিনি জিয়াউর রহমান ও তার পুত্র আরাফাত রহমান কোকোর আত্মার মাগফিরাত কামনা করেন এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য ও দেশের কল্যাণে তার নেতৃত্বের সফলতা কামনা করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডা. এম এ মুহিত এবং ড্যাবের সাবেক মহাসচিব ডা. মো. আব্দুস সালাম। সভায় সভাপতিত্ব করেন ড্যাবের ভারপ্রাপ্ত সভাপতি অধ্যাপক ডা. মো. আবুল কেনান। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সংগঠনটির মহাসচিব ডা. মো. জহিরুল ইসলাম শাকিল।
ভিওডি বাংলা/জা







