সালমান শাহ মৃত্যু রহস্যে নতুন মোড়, উত্তোলন করা হবে দেহাবশেষ

বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি নায়ক সালমান শাহর মৃত্যুর প্রায় তিন দশক পেরিয়ে গেলেও তার মৃত্যুর প্রকৃত কারণ নিয়ে বিতর্ক ও আলোচনা থামেনি। এবার নতুন করে আলোচনার জন্ম দিয়েছে আদালতের একটি নির্দেশনা।
তদন্ত সংশ্লিষ্ট সূত্রের দাবি অনুযায়ী, আদালতের নির্দেশে সালমান শাহর দেহাবশেষ কবর থেকে উত্তোলন করে পুনরায় ময়নাতদন্তের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ তথ্য জানিয়েছেন মামলার তদন্তকারী কর্মকর্তা সিআইডির পরিদর্শক জিয়াউল মোর্শেদ।
উল্লেখ্য, ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর রাজধানীর নিউ ইস্কাটনের বাসা থেকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয় জনপ্রিয় চিত্রনায়ক সালমান শাহকে। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। মৃত্যুর পর তার মরদেহ সিলেটে হযরত শাহজালাল (রহ.) মাজার সংলগ্ন কবরস্থানে দাফন করা হয়।
সালমান শাহর মৃত্যুর পর থেকেই এটি আত্মহত্যা নাকি হত্যা তা নিয়ে দীর্ঘদিন ধরে বিতর্ক চলেছে। পরিবার, ভক্ত-অনুরাগী এবং চলচ্চিত্র অঙ্গনের অনেকেই বারবার নতুন করে তদন্তের দাবি জানিয়ে আসছেন।
সাম্প্রতিক আদালতের নির্দেশনায় বলা হয়েছে, মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনের স্বার্থে নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে দেহাবশেষ উত্তোলন, সুরতহাল প্রতিবেদন প্রস্তুত এবং পুনরায় ময়নাতদন্তের প্রয়োজনীয় কার্যক্রম সম্পন্ন করা হবে।
তবে এ বিষয়ে তদন্ত সংস্থা কিংবা আদালতের পরবর্তী পদক্ষেপের দিকে এখন নজর সংশ্লিষ্ট সবার। প্রায় ৩০ বছর ধরে আলোচিত এই মৃত্যুর ঘটনায় নতুন কোনো তথ্য সামনে আসে কিনা, সেটিই এখন দেখার অপেক্ষা।
ভিওডি বাংলা/বিন্দু







