ক্ষুদ্র জাতিগোষ্ঠীর জন্য পৃথক অধিদপ্তরের আশাবাদ স্থানীয় সরকার মন্ত্রীর

ক্ষুদ্র জাতিগোষ্ঠীর সার্বিক উন্নয়ন ও কল্যাণে পৃথক একটি অধিদপ্তর গঠনের আশাবাদ ব্যক্ত করেছেন বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বুধবার (১০ জুন) রাজধানীর গুলশানে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী ক্ষুদ্র জাতিগোষ্ঠী দলের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
সভায় ক্ষুদ্র জাতিগোষ্ঠীর শিক্ষা, কর্মসংস্থান, উন্নয়ন ও রাজনৈতিক প্রতিনিধিত্বের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। এতে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী বিজন কান্তি সরকারসহ সংশ্লিষ্ট নেতারা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ক্ষুদ্র জাতিগোষ্ঠীর জনগণ শুধু ভোটার হিসেবেই নয়, নির্বাচনে বিএনপির পক্ষে সক্রিয়ভাবে কাজ করেছে। এজন্য তিনি তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
তিনি বলেন, সংরক্ষিত নারী আসনের মাধ্যমে ক্ষুদ্র জাতিগোষ্ঠীর প্রতিনিধিত্ব নিশ্চিত করা হয়েছে। ভবিষ্যতে সংসদের উচ্চ কক্ষেও তাদের প্রতিনিধিত্ব নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হবে।
স্থানীয় সরকার মন্ত্রী আরও বলেন, দীর্ঘমেয়াদি পরিকল্পনার আওতায় ক্ষুদ্র জাতিগোষ্ঠীর শিক্ষার সুযোগ সম্প্রসারণ, কর্মসংস্থান বৃদ্ধি এবং সহজ শর্তে ঋণপ্রাপ্তির ব্যবস্থা জোরদার করা হবে। পাশাপাশি তাদের সার্বিক কল্যাণ নিশ্চিত করতে পৃথক একটি অধিদপ্তর প্রতিষ্ঠার বিষয়টি সরকার ইতিবাচকভাবে বিবেচনা করবে।
সভায় বক্তব্য দেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী বিজন কান্তি সরকার। তিনি বলেন, ক্ষুদ্র জাতিগোষ্ঠীর উন্নয়নে সরকারের আন্তরিকতার কোনো ঘাটতি নেই। বিশেষ করে ক্ষুদ্র নৃগোষ্ঠীর নারীদের নার্সিং পেশায় এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
সভায় অংশগ্রহণকারীরা ক্ষুদ্র জাতিগোষ্ঠীর বিভিন্ন সমস্যা, সম্ভাবনা এবং উন্নয়নসংক্রান্ত চাহিদা তুলে ধরেন।
ভিওডি বাংলা/আ







