পিডিবিতে তাণ্ডব
নারী প্রকৌশলীর কক্ষে সিবিএ’র হামলা, ৪ শ্রমিক বদলি

চট্টগ্রাম পিডিবিতে আউটসোর্সিংয়ের মাধ্যমে শ্রমিক নিয়োগকে কেন্দ্র করে এক নারী প্রকৌশলীর কক্ষে ঢুকে তাণ্ডব চালানোর অভিযোগ উঠেছে সিবিএ নেতাকর্মীদের বিরুদ্ধে। এ সময় ওই নারী কর্মকর্তাকে রক্ষা করতে এগিয়ে গেলে সহকারী প্রকৌশলী মেহেদী হাসানকে কক্ষ থেকে টেনে-হিঁচড়ে বের করে শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়।
মঙ্গলবার (৯ জুন) দুপুরে চট্টগ্রাম নগরের আগ্রাবাদে অবস্থিত বিদ্যুৎ ভবনের পঞ্চম তলায় এই ঘটনা ঘটে। বুধবার ঘটনার একটি সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি প্রকাশ্যে আসে।
ভুক্তভোগী নারী কর্মকর্তা নিলুফারিন আকতার পিডিবির চট্টগ্রাম কার্যালয়ের কম্পিউটার কেন্দ্রে সিস্টেম অ্যানালিস্ট (নির্বাহী প্রকৌশলী) হিসেবে কর্মরত।
এদিকে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে জড়িত চার শ্রমিককে তাৎক্ষণিক দেশের চারটি প্রত্যন্ত জেলায় বদলি করেছে কর্তৃপক্ষ। বদলি হওয়া শ্রমিকরা হলেন- মোহাম্মদ হাফিজুর রহমান (পাবনা), মোহাম্মদ নুরুন্নবী (ভোলা), মোহাম্মদ শফিকুল ইসলাম (সিলেট) ও মোহাম্মদ আইয়ুব (দিনাজপুর)।
ভিওডি বাংলা/রানা সাত্তার/জা







