খুলনা সিটি মেডিকেলে লাগা আগুন নিয়ন্ত্রণে, উদ্ধার অভিযান চলমান

নগরীর ময়লাপোতা মোড়ে অবস্থিত খুলনা সিটি মেডিকেল কলেজ ও হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে এসেছে। বর্তমানে সেখানে উদ্ধার অভিযান চলছে।
বৃহস্পতিবার (১১ জুন) রাত সোয়া ১টা পর্যন্ত ফায়ার সার্ভিস, বিজিবি, পুলিশ ও অন্যান্য সংস্থার সদস্যরা যৌথভাবে উদ্ধার কার্যক্রম পরিচালনা করেন।
হাসপাতালে থাকা রোগীদের পাশাপাশি তাদের স্বজনদেরও নিরাপদে সরিয়ে নেওয়া হচ্ছে। রোগীদের মধ্যে যাদের চিকিৎসা প্রয়োজন, তাদের বিভিন্ন হাসপাতালে স্থানান্তর করা হচ্ছে। তুলনামূলক সুস্থ রোগীদের নিজ নিজ বাসায় পাঠিয়ে দেওয়া হয়েছে।
তবে এ পর্যন্ত কতজন রোগীকে হাসপাতাল থেকে সরিয়ে নেওয়া হয়েছে, সে বিষয়ে কোনো নির্দিষ্ট পরিসংখ্যান পাওয়া যায়নি।
রাত ১টা ৬ মিনিটে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে মাইকিং করে জানানো হয়, তখনও হাসপাতালে চারজন রোগী অবস্থান করছিলেন। তাদেরও নিরাপদে নামিয়ে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার ব্যবস্থা করা হচ্ছে। একই সঙ্গে রোগীদের স্বজনদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
এর আগে বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে খুলনা সিটি মেডিক্যাল কলেজ ও হাসপাতালে আগুনের সূত্রপাত হয়। দীর্ঘ প্রচেষ্টার পর রাত ১১টা ৫৫ মিনিটে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে।
আগুন নিয়ন্ত্রণে এলেও হাসপাতালটি সম্পূর্ণ নিরাপদ ঘোষণা না করা পর্যন্ত উদ্ধার ও তল্লাশি কার্যক্রম অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
ভিওডি বাংলা/আ







