যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি প্রায় চূড়ান্ত, আশা ট্রাম্পের

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান চুক্তির নথিপত্র প্রায় চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি আশা প্রকাশ করেছেন, আগামী কয়েক দিনের মধ্যেই চুক্তিটি সম্পন্ন হতে পারে।
হোয়াইট হাউসে দেওয়া বক্তব্যে ট্রাম্প বলেন, ইরানও এই চুক্তি চায়, অন্যান্য পক্ষের মতোই। তিনি আরও জানান, নিজে উপস্থিত না থাকলেও মার্কিন ভাইস প্রেসিডেন্ট জে. ডি. ভ্যান্স আলোচনা প্রক্রিয়ায় অংশ নেবেন।
ট্রাম্পের মতে, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চুক্তি স্বাক্ষর হলেই হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়া হবে। বিশ্ব জ্বালানি পরিবহনের জন্য গুরুত্বপূর্ণ এই সমুদ্রপথটি দীর্ঘদিন ধরে উত্তেজনার কেন্দ্রবিন্দুতে রয়েছে।
এদিকে কাতারের আমির ও মার্কিন প্রেসিডেন্টের মধ্যে ফোনালাপ হয়েছে। কাতার জানিয়েছে, আলোচনায় চুক্তির অগ্রগতি এবং আঞ্চলিক উত্তেজনা কমানোর বিষয় নিয়ে মতবিনিময় হয়েছে। দেশটি এ ধরনের উদ্যোগকে স্বাগত জানিয়েছে এবং আঞ্চলিক স্থিতিশীলতার পক্ষে অবস্থান জানিয়েছে।
অন্যদিকে তেহরান এখনো পর্যন্ত সম্ভাব্য এই চুক্তি নিয়ে কোনো সরকারি ঘোষণা দেয়নি। ইরান জানিয়েছে, এ বিষয়ে তাদের কাছে এখনো কোনো আনুষ্ঠানিক তথ্য পৌঁছায়নি।
ভিওডি বাংলা/আ







