টফি-বায়োস্কোপের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ

ডিজিটাল দুনিয়ায় দিন দিন চাহিদা বাড়ছে ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্মগুলোর। খেলা দেখা থেকে বিনোদনের দুনিয়া সব আয়োজনই এখন এক ছাতার নিচে পাচ্ছে মানুষ। কিন্তু বাংলাদেশে এসব প্ল্যাটফর্মেও যেন ভোগান্তির শেষ নেই।
অনেক জলঘোলার পর ফুটবল বিশ্বকাপ সম্প্রচারিত হচ্ছে বাংলাদেশে। রাষ্ট্রীয় টিভি চ্যানেল বিটিভির পাশাপাশি টি-স্পোর্টস ও সময় টেলিভিশন অফিসিয়ালি সম্প্রচার করছে সব ম্যাচ। এর সঙ্গে অনলাইনেও বেশ কয়েকটি স্ট্রিমিং অ্যাপসের মাধ্যমে খেলা দেখা যাচ্ছে। সাবস্ক্রিপশন ফি দিয়ে মোবাইল ফোন কিংবা স্মার্ট ডিভাইসে মাই রবি অ্যাপ, বাংলালিংকের টফি ও গ্রামীণফোনের বায়োস্কোপ এবং আইস্ক্রিনে খেলা দেখার সুযোগ রয়েছে।
কিন্তু বৃহস্পতিবার বিশ্বকাপের উদ্বোধনী দিনেই তিক্ত অভিজ্ঞতার মুখোমুখি হয়েছেন টাকা দিয়ে সাবস্ক্রিপশন কেনা এসব প্ল্যাটফর্মগুলোর গ্রাহকরা। নিজেদের ‘প্রতারিত’ মনে করছেন অনেকেই। গতকাল রাত থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে এ নিয়ে তুমুল সমালোচনা হচ্ছে। গ্রাহকদের অভিযোগগুলোর মধ্যে মোটাদাগে রয়েছে, বাফারিং হওয়া, ওটিপি (ওয়ান টাইম পাসওয়ার্ড) কোড ঠিকমতো না আসা এবং অনেকেই লগইন করতে পারছেন না।
সবচেয়ে বেশি তোপের মুখে পড়েছে বাংলালিংকের টফি। অনেকে মজাচ্ছলেই বলছেন, টফি রীতিমতো মানুষকে ‘টুপি’ পরিয়ে দিয়েছে। এক সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী মন্তব্য করেছেন, বাংলাদেশে ডিজিটাল শব্দটাই একটা স্ক্যাম। এখন পর্যন্ত এদের সার্ভারে খেলা দেখে কারোরই ভালো ফিডব্যাক পাইনি। হাই-ভোল্টেজ ম্যাচ হইলেই আর কাজ করে না। লো ক্যাপাসিটি দিয়ে এত লোড নেবে কিভাবে? অথচ আপনি পাশের দেশের জিও বা প্রাইম এসবে যান দেখবেন সব স্মুথ। ব্যবসা সবাই করে। তবে সমস্যা হচ্ছে বাংলাদেশে লোক ঠকিয়ে ব্যবসাটা বেশি করা হয়।
এবারের বিশ্বকাপের খেলা দেখা যাচ্ছে আইস্ক্রিনেও। এখানেও অনেকে ভোগান্তি পোহাচ্ছেন বলে অভিযোগ রয়েছে। কেউ কেউ আবার লিগ্যাল অ্যাকশন নেওয়ার কথাও ভাবছেন। কেউ কেউ ভোক্তা অধিকারে টফি ও বায়োস্কোপের বিরুদ্ধে মামলা করার প্রস্তুতিও নিচ্ছে।
দুঃখপ্রকাশ
গ্রাহকদের তুমুল সমালোচনার মুখে দুঃখপ্রকাশ করে একটি বিবৃতি দিয়েছে স্ট্রিমিং প্ল্যাটফর্ম টফি। নিজেদের পেজে এক বার্তায় তারা বলছে, ডিজিটাল সম্প্রচার ফিড সংক্রান্ত জটিলতার কারণে বিশ্বকাপের লাইভ সম্প্রচারে বিঘ্ন ঘটছে। সমস্যাটি দ্রুত সমাধানের জন্য আমরা সম্প্রচার স্বত্বাধিকারী বাংলাদেশ টেলিভিশন (বিটিভি)-এর সঙ্গে নিরলস কাজ করছি। আপনার অসুবিধার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত।
ভিওডি বাংলা/এফএ







