কক্সবাজারে ‘সাফ বিচ গেমস’ আয়োজনের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর

বিশ্বের দীর্ঘতম প্রাকৃতিক সমুদ্রসৈকত কক্সবাজারকে কেন্দ্র করে ‘সাফ বিচ গেমস’ আয়োজনের পরিকল্পনার কথা জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। আন্তর্জাতিক পর্যায়ের এই ক্রীড়া আয়োজন নিয়ে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সঙ্গে ইতোমধ্যে আনুষ্ঠানিক আলোচনা সম্পন্ন হয়েছে বলে জানান তিনি।
অনূর্ধ্ব-১৫ বিচ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এ তথ্য জানান।
আমিনুল হক বলেন, "কিছুদিন আগে চায়নার সানিয়াতে এশিয়ান বিচ গেমস উদ্বোধনে গিয়ে দেখেছি তারা কৃত্রিম সৈকত তৈরি করেছে। অথচ আমাদের রয়েছে পৃথিবীর বৃহত্তম প্রাকৃতিক সৈকত। আমরা এটিকে কাজে লাগাতে চাই।"
তিনি আরও বলেন, মাদকমুক্ত ও সুস্থ জাতি গঠনের পাশাপাশি তরুণদের মোবাইল ও ডিজিটাল ডিভাইসের আসক্তি থেকে দূরে রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই। এ লক্ষ্যেই দেশের ক্রীড়াখাতকে এগিয়ে নেওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন তিনি।
তৃণমূল পর্যায়ের ক্রীড়া উদ্যোগ ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ নিয়েও অনুষ্ঠানে কথা বলেন প্রতিমন্ত্রী। তিনি জানান, চলমান আসরের ফাইনাল রাউন্ড আগামী জুলাইয়ের মধ্যে শেষ হবে। আর পরবর্তী আসর ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ ২০২৬ সালের ১ সেপ্টেম্বর থেকে আবার শুরু হবে, যা মাননীয় প্রধানমন্ত্রী উদ্বোধন করবেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোঃ হেলালউদ্দিন, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মোঃ শরিফুল আলম এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।
উল্লেখ্য, টুর্নামেন্টের ফাইনালে বালক ও বালিকা উভয় বিভাগেই ময়মনসিংহ জেলাকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে চট্টগ্রাম বিভাগ।
ভিওডি বাংলা/এএইচ/এমএস







