ঢাকাকে সবুজের শহরে পরিণত করা হবে: ডিএসসিসি প্রশাসক

রাজধানীকে সবুজ ও পরিবেশবান্ধব নগরী হিসেবে গড়ে তুলতে ব্যাপক বৃক্ষরোপণ কার্যক্রম চালানোর ঘোষণা দিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম।
শুক্রবার (১২ জুন) বিকেলে রাজধানীর বাংলামোটরে সড়কের ডিভাইডারে সারাদেশে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন শেষে তিনি এ কথা বলেন। সামাজিক সংগঠন ‘রাইট টক বাংলাদেশ’ এ কর্মসূচির উদ্যোগ নেয়।
আবদুস সালাম বলেন, ঢাকাকে সবুজের শহরে পরিণত করা হবে। এ ক্ষেত্রে সবার সহযোগিতা প্রয়োজন। প্রত্যেক নাগরিক যদি একটি করে বৃক্ষরোপণ করেন, তাহলে ঢাকা শহরের পরিবেশ অনেক সুন্দর হবে। এই শহরে বৃক্ষরোপণ অভিযান শুরু হয়েছে এবং এটি প্রতিটি ওয়ার্ডে চলমান থাকবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজনীতিবিদ ও সময় টেলিভিশনের উপদেষ্টা মাহফুজ কবির মুক্তা।
রাইট টক বাংলাদেশকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, সবুজ বাংলাদেশ গড়ার লক্ষ্যে সংগঠনটির এই উদ্যোগ ঢাকাবাসীর জন্য উপকারী হবে। আশা করি এলাকার পরিবেশ সুন্দর করতে রাইট টক বাংলাদেশের এ মহতী উদ্যোগ ও কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে ‘রাইট টক বাংলাদেশ’ সারাদেশে মাসব্যাপী ‘বৃক্ষরোপণ ২০২৬’ কর্মসূচির আয়োজন করেছে। এবারের প্রতিপাদ্য ছিল— প্রকৃতি থেকে অনুপ্রাণিত—জলবায়ুর জন্য, আমাদের ভবিষ্যতের জন্য।
সংগঠনটির প্রতিষ্ঠাতা ও সভাপতি ইঞ্জিনিয়ার আল-আমিন এম তাওহীদ বলেন, বৃক্ষই অক্সিজেনের প্রধান উৎস। তাই দেশকে সবুজায়নের মাধ্যমে পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসতে হবে।
কর্মসূচিতে রাজনৈতিক বিশ্লেষক উপাধ্যক্ষ নুরজ্জামান হীরা, রাইট টক বাংলাদেশের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার আরিফুল হক, উপদেষ্টা মুর্তজা বুলবুল, জাকির হোসেনসহ সংগঠনের স্বেচ্ছাসেবকরা উপস্থিত ছিলেন।
ভিওডি বাংলা/খতিব/এফএ







