প্রধান আসামি শামীমসহ ৩ জনের রিমান্ড মঞ্জুর

সাভারে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় দায়ের করা মামলায় শীর্ষ মাদক ব্যবসায়ী হিসেবে পরিচিত শামীম রেজা এবং তার দুই সহযোগীর রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। গ্রেপ্তার হওয়া তিনজনকে জিজ্ঞাসাবাদের জন্য আলাদা সময়ের রিমান্ডে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
বৃহস্পতিবার (১২ জুন) ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আয়েশা সিদ্দিকার আদালতে আসামিদের হাজির করা হয়। এ সময় মামলার তদন্ত কর্মকর্তা তাদের সাত দিনের রিমান্ড আবেদন করেন। শুনানি শেষে আদালত শামীম রেজা ও তার সহযোগী ফেরদৌস আহমেদ রাজুর দুই দিন করে রিমান্ড এবং অপর আসামি রাকিব হোসেনের এক দিনের রিমান্ড মঞ্জুর করেন।
পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার কক্সবাজার সদর থানার বিমানবন্দর সংলগ্ন এলাকা থেকে অভিযান চালিয়ে শামীম রেজা, তার ম্যানেজার ফেরদৌস আহমেদ রাজু এবং সহযোগী রাকিব হোসেনকে আটক করা হয়। পরে তাদের ঢাকায় এনে আদালতে হাজির করা হয়।
তদন্ত সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, সাংবাদিকদের ওপর হামলার ঘটনার পেছনে কারা জড়িত এবং কী উদ্দেশ্যে এই ঘটনা ঘটেছে, তা উদঘাটনে রিমান্ডে জিজ্ঞাসাবাদ করা হবে। একই সঙ্গে ঘটনার সঙ্গে জড়িত পলাতক অন্যান্য আসামিদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।
এর আগে গত ২২ মে সাভারের আইচা নোয়াদ্দা এলাকায় মাদকবিরোধী সংবাদ সংগ্রহ করতে গিয়ে তিন সাংবাদিক হামলার শিকার হন। গুরুতর এ ঘটনার পর স্থানীয়ভাবে ব্যাপক সমালোচনা তৈরি হয় এবং পরে এ ঘটনায় একটি মামলা দায়ের করা হয়। মামলায় শামীম রেজাকে প্রধান আসামি হিসেবে উল্লেখ করা হয়।
ভিওডি বাংলা/জা







