সিমান্তে উত্তেজনার মধ্যে বিএসএফের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে মুজিব আলী (২০) নামে এক বাংলাদেশি তরুণ নিহত হয়েছেন।
শুক্রবার (১২ জুন) সন্ধ্যায় উপজেলার শরীফপুর ইউনিয়নের দত্তগ্রাম সীমান্তে ভারতের অভ্যন্তরে এ ঘটনা ঘটে। নিহত মুজিব আলী ওই এলাকার মৃত অজিব উল্লাহর ছেলে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বিজিবির ৪৬ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সরকার আসিফ মাহমুদ জানান, বিএসএফ নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য স্থানীয় হাসপাতালের মর্গে পাঠিয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ হস্তান্তরের বিষয়ে বিএসএফ বিজিবিকে আশ্বস্ত করেছে।
স্থানীয় সূত্র ও বিজিবি জানায়, শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে দত্তগ্রামের বাসিন্দা মুজিবসহ প্রায় ছয়জন বাংলাদেশি মনু নদ পার হয়ে ১৮৫২ ও ১৮৫৩ নম্বর মূল সীমান্ত খুঁটির মাঝ দিয়ে ভারতের অভ্যন্তরে প্রবেশ করেন। এসময় টহলরত বিএসএফ সদস্যরা তাদের বাধা দিলে তারা পালানোর চেষ্টা করে। একপর্যায়ে বিএসএফ গুলি ছুড়লে ঘটনাস্থলেই মুজিব আলীর মৃত্যু হয় এবং তার সহযোগীরা পালিয়ে আসতে সক্ষম হন।
শরীফপুর ইউনিয়ন পরিষদের ৯ নম্বর ওয়ার্ডের সদস্য জয়নুল ইসলাম দাবি করেছেন, নিহত মুজিব চোরাকারবারের সঙ্গে যুক্ত ছিলেন। ঘটনার সময় তার সঙ্গে আরও কয়েকজন ছিলেন বলে জানা গেছে। গুলির শব্দ পাওয়ার পর বিজিবির পক্ষ থেকে বিএসএফের সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করা হলে তারা বিষয়টি নিশ্চিত করে। এ ঘটনায় সীমান্ত এলাকায় শোকের ছায়া ও আতঙ্ক বিরাজ করছে।
ভিওডি বাংলা/বিন্দু







