ঢাকার ২ এলাকা থেকে ২৯ গ্রেপ্তার

রাজধানীর যাত্রাবাড়ী ও মুগদা এলাকায় পৃথক বিশেষ অভিযান পরিচালনা করে মোট ২৯ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সংশ্লিষ্ট থানা পুলিশ।
শনিবার (১৩ জুন) দিনব্যাপী চালানো এ অভিযানে যাত্রাবাড়ী থানার পুলিশ ১২ জন এবং মুগদা থানার পুলিশ আরও ১৭ জনকে আটক করে।
পরে রোববার (১৪ জুন) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার নিয়াজ মেহেদী বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন।
পুলিশ সূত্রে জানা যায়, আটক ব্যক্তিদের মধ্যে রয়েছেন নিয়মিত মামলার পলাতক আসামি, আদালতের পরোয়ানাভুক্ত ব্যক্তি এবং বিভিন্ন ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত সন্দেহভাজনরা। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও অপরাধ দমন কার্যক্রমের অংশ হিসেবে এই অভিযান পরিচালনা করা হয়।
যাত্রাবাড়ী থানার অভিযানে আটক ব্যক্তিদের মধ্যে কয়েকজনের নাম পাওয়া গেছে। তাদের মধ্যে রয়েছেন মো. কবির, জিহাদ আহম্মেদ শাওন, মো. আমির হোসেন, সফি কামাল শোভন, মো. জলিল মিয়া, মো. ইসমাইল, মৌসুমি, সিয়াম, মনোয়ার মিয়া, মো. জিসান, মো. ইউনুছ মোল্লা এবং আরও একজন সিয়াম।
অন্যদিকে মুগদা থানার পৃথক অভিযানে গ্রেপ্তারদের মধ্যে রয়েছেন মো. সাঈদ, মো. রাব্বি, মিজান উদ্দিন আহমেদ স্বাধীন, মো. রফিকুল ইসলাম সজীব, আবু বক্কর সিদ্দিক হৃদয়, মো. রমজান আলী বিদ্যুৎ, মো. মিরাজ, মো. জসিম, মো. আলমগীর, মো. আকাশ, হিমু, আল আমিন, মো. রফি, মো. নিজাম, আব্দুর করিম, মো. নজরুল ইসলাম এবং খাইরুল।
পুলিশ আরও জানায়, গ্রেপ্তারদের যাচাই-বাছাই শেষে তাদের বিরুদ্ধে আইনানুগ প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে এবং পরে আদালতে পাঠানো হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর দাবি, রাজধানীতে অপরাধ দমন ও জননিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।
ভিওডি বাংলা/জা







