ব্রাজিল শিবিরে দুশ্চিন্তা, ফিরছেন না নেইমার

২০২৬ বিশ্বকাপে ব্রাজিল শিবিরে দুশ্চিন্তা আরও বেড়েছে। চোটের কারণে তারকা ফরোয়ার্ড নেইমার গ্রুপ পর্বের বাকি দুই ম্যাচেও মাঠে নামতে পারবেন না বলে জানা গেছে।
আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ৩৪ বছর বয়সী নেইমার এখনও পুরোপুরি অনুশীলনে ফিরতে পারেননি। গত ১৭ মে ব্রাজিলিয়ান ক্লাব সান্তোসের হয়ে খেলতে গিয়ে কাফ মাংসপেশিতে গ্রেড-২ চোটে পড়েন তিনি। সেই চোট থেকে পুনর্বাসন প্রক্রিয়াও এখনও শেষ হয়নি।
বিশ্বকাপের জন্য ঘোষিত ব্রাজিল দলে থাকলেও এখন পর্যন্ত মাঠে নামা হয়নি এই অভিজ্ঞ ফরোয়ার্ডের। মরক্কোর বিপক্ষে প্রথম ম্যাচে বেঞ্চে থাকলেও খেলতে পারেননি তিনি। সোমবারও দলের অনুশীলনে অংশ নেননি নেইমার।
ব্রাজিল দলের মেডিকেল বিভাগ তার সর্বশেষ শারীরিক অবস্থার মূল্যায়ন করেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, হাইতি ও স্কটল্যান্ডের বিপক্ষে গ্রুপ পর্বের ম্যাচ দুটি মিস করবেন তিনি। চিকিৎসকরা তাকে নকআউট পর্বের জন্য প্রস্তুত করার পরিকল্পনা নিয়ে কাজ করছেন।
বিষয়টি নিয়ে ব্রাজিলের প্রধান কোচ কার্লো আনচেলত্তি বলেন, নেইমার দ্রুত সুস্থ হয়ে ওঠার জন্য সর্বোচ্চ চেষ্টা করছেন। তিনি পুরোপুরি ফিট হয়ে দলে ফিরবেন বলে আশা প্রকাশ করেন এবং দলের তরুণ খেলোয়াড়দের জন্য তার অভিজ্ঞতা ও নেতৃত্বের গুরুত্ব তুলে ধরেন।
বিশ্বকাপ শুরুর আগে নেইমারের ফিটনেস নিয়ে যে শঙ্কা ছিল, তা আরও জোরালো হয়েছে। ফলে গ্রুপ পর্বের গুরুত্বপূর্ণ দুই ম্যাচে তাকে ছাড়াই মাঠে নামতে হবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের।
তবে সমর্থকদের আশা, নকআউট পর্বে ফিরেই দলের আক্রমণভাগে নতুন শক্তি যোগ করবেন নেইমার এবং ব্রাজিলের শিরোপা অভিযানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।
ভিওডি বাংলা/আ







