ঢাকার দুই সিটি করপোরেশনে ২৫ কোটি লিটার পানির সংকট

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় বর্তমানে দৈনিক পানির চাহিদা ৩২০ থেকে ৩২৫ কোটি লিটার। বিপরীতে ঢাকা ওয়াসার দৈনিক পানি উৎপাদন সক্ষমতা ২৯৫ থেকে ৩০০ কোটি লিটার। অত্যাধুনিক কেমিক্যাল ও ক্লোরিনেশনের মাধ্যমে পানি পরিশোধনের পর বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশনা অনুযায়ী পরীক্ষা-নিরীক্ষা শেষে সরবরাহ করা হয়। ঢাকা ওয়াসা প্রতিদিন মহানগরীর বিভিন্ন স্থান থেকে ৪০ থেকে ৫০টি পানির নমুনা সংগ্রহ করে গুণগত মান পরীক্ষা করে থাকে।
মঙ্গলবার (১৬ জুন) জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নিলোফার চৌধুরী মনির প্রশ্নের জবাবে মন্ত্রী এসব তথ্য জানান।
বর্জ্য অপসারণ নিয়ে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সেলিমা রহমানের প্রশ্নে মির্জা ফখরুল বলেন, ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকায় বাসাবাড়ি থেকে বর্জ্য সংগ্রহের কাজ বর্তমানে বেসরকারি ব্যক্তি ও প্রতিষ্ঠানের মাধ্যমে পরিচালিত হচ্ছে। এসব প্রতিষ্ঠানকে সিটি করপোরেশনের সঙ্গে চুক্তির আওতায় আনার কার্যক্রম চলমান রয়েছে। চুক্তি সম্পন্ন হলে পরিবেশসম্মতভাবে ছোট কাভার্ড ভ্যানে বর্জ্য অপসারণের বিষয়টি বিবেচনা করা হবে।
সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নিপুণ রায় চৌধুরীর প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, জন্ম ও মৃত্যুনিবন্ধনের জন্য সফটওয়্যারের নতুন সংস্করণ তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে। এতে অনলাইন পেমেন্ট সুবিধা থাকবে এবং ব্লকচেইন প্রযুক্তির মাধ্যমে তথ্য পরিবর্তনের লগ সংরক্ষণ করা হবে। ফলে কোন স্তরে তথ্য পরিবর্তন হয়েছে, তা সহজেই শনাক্ত করা যাবে। জন্ম ও মৃত্যুনিবন্ধন সেবা সহজ করতে সারা দেশের নিবন্ধক ও নিবন্ধন সহকারীদের নিয়মিত প্রশিক্ষণ দেওয়া হচ্ছে বলে জানান তিনি।
স্পিকার হাফিজ উদ্দিন আহমদের (বীর বিক্রম) সভাপতিত্বে প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়।
ভিওডি বাংলা/এফএ







