কামরাঙ্গীরচরে ছুরিকাঘাতে যুবক নিহত

রাজধানীর কামরাঙ্গীরচরে পারিবারিক বিরোধের জেরে ছুরিকাঘাতে মোহাম্মদ (২৭) নামে এক যুবক নিহত হয়েছেন। তিনি একটি লাড্ডুর দোকানে কর্মচারী হিসেবে কাজ করতেন।
সোমবার (১৫ জুন) রাত সোয়া ৮টার দিকে কামরাঙ্গীরচরের ঈদগাহ মাঠ সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে রাত পৌনে ১০টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহতের বড় বোন শারমিন বেগম জানান, গত শুক্রবার মোহাম্মদের স্ত্রী গ্রামের বাড়িতে যাওয়ার পর একটি নারীকে বাসায় নিয়ে থাকার অভিযোগকে কেন্দ্র করে পারিবারিক বিরোধের সৃষ্টি হয়। এ নিয়ে দুই পরিবারের মধ্যে বেশ কিছুদিন ধরে উত্তেজনা চলছিল।
তার দাবি, সোমবার রাতে কাওসার, তার স্ত্রী সোনিয়া ও মুজাহিদসহ ১০ থেকে ১২ জন মোহাম্মদের ওপর হামলা চালান। একপর্যায়ে কাওসার তার পিঠে ছুরিকাঘাত করলে তিনি গুরুতর আহত হন।
ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, মরদেহ মর্গে রাখা হয়েছে এবং বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবহিত করা হয়েছে।
নিহত মোহাম্মদ মুন্সিগঞ্জ সদর উপজেলার বাসিন্দা মো. আলাউদ্দিনের ছেলে। তিনি কামরাঙ্গীরচরের ঈদগাহ মাঠ এলাকায় পরিবারের সঙ্গে ভাড়া বাসায় বসবাস করতেন।
ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
ভিওডি বাংলা/আ







