শহীদ মতিউর রহমান পার্ক ও মতিঝিলে অবৈধ স্থাপনা উচ্ছেদ

রাজধানীর শহীদ মতিউর রহমান পার্ক এবং মতিঝিল বাণিজ্যিক এলাকায় অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান পরিচালনা করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)।
সোমবার (১৫ জুন) ডিএসসিসির পক্ষ থেকে দুইজন নির্বাহী ম্যাজিস্ট্রেট পৃথক মোবাইল কোর্ট পরিচালনা করেন। অভিযানে শহীদ মতিউর রহমান পার্কের অভ্যন্তরে পশ্চিম-উত্তর কোণে প্রায় ১ হাজার ৫০০ বর্গফুট পরিত্যক্ত জায়গায় গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।
এছাড়া শাপলা চত্বর মোড় থেকে শুরু করে মতিঝিল বাণিজ্যিক এলাকা এবং দৈনিক বাংলা মোড় থেকে ফকিরাপুল পর্যন্ত সড়কের উভয় পাশে গড়ে ওঠা সকল অবৈধ স্থাপনা ও দোকানপাট উচ্ছেদ করা হয়। এ সময় ফুটপাত ও সড়ক দখলমুক্ত করে পথচারী ও যানবাহন চলাচলের উপযোগী করা হয়।
ডিএসসিসি সূত্রে জানা যায়, নগরীর শৃঙ্খলা বজায় রাখা, জনদুর্ভোগ কমানো এবং অবৈধ দখলমুক্ত পরিবেশ নিশ্চিত করতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হচ্ছে।
সিটি করপোরেশনের পক্ষ থেকে জানানো হয়েছে, জনস্বার্থে অবৈধ দখল ও স্থাপনার বিরুদ্ধে মোবাইল কোর্টের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
ভিওডি বাংলা/খতিব/আ







