নজরুলের সাহিত্য বিশ্বে ছড়িয়ে দিতে কমিটি গঠনের নির্দেশ: সংস্কৃতিমন্ত্রী

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্যকর্ম বিশ্বের প্রধান প্রধান ভাষায় অনুবাদের মাধ্যমে বিশ্ববাসীর কাছে তাঁর সাহিত্যদর্শন পৌঁছে দিতে উচ্চপর্যায়ের অনুবাদ কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী।
মঙ্গলবার (১৬ জুন) ঢাকায় কবি নজরুল ইনস্টিটিউট পরিদর্শন শেষে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ নির্দেশনা দেন। এ সময় সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী আলি নেওয়াজ মাহমুদ খৈয়ম, মন্ত্রণালয়ের সচিব মিজ কানিজ মওলা এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পরিদর্শনকালে মন্ত্রী ও প্রতিমন্ত্রী ইনস্টিটিউটের লাইব্রেরি, বিভিন্ন বিভাগ, নতুন ও পুরাতন ভবনসহ সার্বিক কার্যক্রম ঘুরে দেখেন এবং জাতীয় কবি কাজী নজরুল ইসলাম-এর স্মৃতি ও সাহিত্যকর্ম পর্যবেক্ষণ করেন।
সভায় মন্ত্রী বলেন, নজরুলের কালজয়ী সাহিত্যকর্ম বিশ্বের বিভিন্ন ভাষায় অনুবাদের মাধ্যমে আন্তর্জাতিক পরিমণ্ডলে আরও বিস্তৃতভাবে তুলে ধরতে হবে। এ লক্ষ্যে কবি নজরুল ইনস্টিটিউটের নির্বাহী পরিচালককে সদস্যসচিব করে একটি উচ্চপর্যায়ের ‘অনুবাদ কমিটি’ গঠনের নির্দেশ দেওয়া হয়েছে। প্রস্তাবিত কমিটিতে বাংলা একাডেমির মহাপরিচালক, জাতীয় গ্রন্থকেন্দ্রের পরিচালক এবং বিশিষ্ট সংগীতশিল্পী আব্বাস উদ্দিন আহমদ-এর কন্যা ড. নাশিদ কামাল-কে অন্তর্ভুক্ত করার প্রস্তাব করা হয়।
মন্ত্রী আরও জানান, ‘নজরুল বর্ষে’ ভারতের চুরুলিয়ায় কবির জন্মস্থান পরিদর্শনের আগ্রহ রয়েছে তাঁর। সফরটি রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন করতে প্রয়োজনীয় কূটনৈতিক ও প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের বিষয়ে সভায় উপস্থিত পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিনিধিকে নির্দেশনা দেওয়া হয়েছে।
এছাড়া ইনস্টিটিউটের পুরাতন ভবনের দ্রুত সংস্কার এবং নবনির্মিত ভবনে দাপ্তরিক কার্যক্রম দ্রুত স্থানান্তরের তাগিদ দেন তিনি।
সভায় প্রতিমন্ত্রী আলি নেওয়াজ মাহমুদ খৈয়ম ইনস্টিটিউটের বিভিন্ন শূন্যপদে দীর্ঘদিন নিয়োগ না হওয়ার বিষয়টি গুরুত্বের সঙ্গে তুলে ধরে সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছে ব্যাখ্যা চান। তিনি প্রাতিষ্ঠানিক কার্যক্রমকে আরও গতিশীল করতে সব শূন্যপদে দ্রুত নিয়োগ কার্যক্রম শুরু করার নির্দেশনা দেন।
সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মিজ কানিজ মওলা কবি নজরুল ইনস্টিটিউটের বিভিন্ন উদ্যোগের প্রশংসা করে মন্ত্রী ও প্রতিমন্ত্রীর নির্দেশনা দ্রুত বাস্তবায়নে মন্ত্রণালয়ের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।
মতবিনিময় সভায় কবি নজরুল ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক, কর্মকর্তা, গবেষক এবং সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
ভিওডি বাংলা/বিন্দু







