• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

রাষ্ট্রক্ষমতায় যাওয়ার খায়েশ থাকলে দয়া করে পদত্যাগ করেন: মির্জা ফখরুল

   ১৮ ফেব্রুয়ারী ২০২৫, ১০:৩১ পি.এম.

যশোর প্রতিনিধি
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘জনগণের ভয় আমাদের দেখাবেন না। জনগণ নিয়েই আমি চলি। আপনাদের রাষ্ট্রক্ষমতায় যাওয়ার খায়েশ থাকলে দয়া করে পদত্যাগ করেন। দ্রুত নির্বাচন দিন। নতুন দল নিয়ে থাকেন।’

মঙ্গলবার বিকালে যশোর শহরের টাউন হল মাঠে রওশন আলী মঞ্চে জেলা বিএনপি আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ কথাগুলো বলেন।

জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন প্রস্তাবের সমালোচনা করে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘অন্তর্বর্তী সরকার জাতীয় নির্বাচন আগে স্থানীয় সরকার নির্বাচন দিতে চায়, এটা জনগণ মেনে নেবে না। কারণ, স্থানীয় নির্বাচন আগে হলে গ্রামে গ্রামে আওয়ামী লীগ মাথাচাড়া দিয়ে উঠবে। পাড়ায় পাড়ায় গণ্ডগোল-সংঘর্ষ হবে। সমস্যা স্থায়ী হবে।’

দ্রুত নির্বাচনের দাবি জানিয়ে মির্জা ফখরুল বলেন, ‘দেশে দুর্নীতি কমেনি; বরং দুর্নীতির রেট বেড়ে গেছে। সুশাসন প্রতিষ্ঠায় সরকারের কোনো নজর নেই। পুলিশ এখনো মাঠপর্যায়ে ঠিকমতো কাজ করতে পারছে না। এদিকে সরকারের কোনো খেয়াল নেই। আপনারা যত দ্রুত নির্বাচন করবেন, তত দ্রুত দেশে শান্তিশৃঙ্খলা ফিরবে।’

যশোরের ভবদহ সমস্যা সমাধান ও নওয়াপাড়া শিল্পনগরের রাষ্ট্রীয় সব পাটকল বন্ধ হয়ে যাওয়ার বিষয়ে বিএনপির মহাসচিব বলেন, ‘আপনারা জানেন, যশোরের নওয়াপাড়া শিল্পাঞ্চলের সব রাষ্ট্রীয় পাটকল বন্ধ হয়ে গেছে। কথা দিচ্ছি, আমরা রাষ্ট্রক্ষমতায় গেলে বন্ধ হয়ে যাওয়া সব কলকারখানা চালু করব। এ ছাড়া যশোরের ভবদহ অঞ্চলের মানুষ খুব কষ্টে আছে। আমরা ভবদহের স্থায়ী সমাধান করব।’

নিত্যপণ্যের দাম সহনীয় রাখা, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ঘটানো ও দ্রুত নির্বাচনের রূপরেখা ঘোষণাসহ বিভিন্ন দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এই জনসভার আয়োজন করা হয়। যশোর জেলা বিএনপির আহ্বায়ক নার্গিস বেগমের সভাপতিত্বে জনসভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম, জেলা বিএনপির সদস্যসচিব সৈয়দ সাবেরুল হক প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা কমিটির সদস্য দেলোয়ার হোসেন।

জনসভা উপলক্ষে দুপুর ১২টা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে শার্শা, ঝিকরগাছা, চৌগাছা, মনিরামপুর কেশবপুর, বাঘারপাড়া, অভয়নগর ও সদর থেকে বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা সমাবেশস্থলে আসতে শুরু করেন। বেলা দুইটার আগেই বিশাল মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে যায়। মাঠের বাইরের সড়কেও হাজার হাজার মানুষ দাঁড়িয়ে বক্তব্য শোনেন।

ভিওডি বাংলা/ এমএইচ


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
‘জুলাই সনদ’ নিজেদের মতো করে বাস্তবায়নের চেষ্টা করছে সরকার
‘জুলাই সনদ’ নিজেদের মতো করে বাস্তবায়নের চেষ্টা করছে সরকার
১০০ উপজেলা ও পৌরসভায় প্রার্থী ঘোষণা করেছে এনসিপি
১০০ উপজেলা ও পৌরসভায় প্রার্থী ঘোষণা করেছে এনসিপি
জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মানুষের সর্বশেষ আশ্রয়স্থল মা : মির্জা ফখরুল
জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মানুষের সর্বশেষ আশ্রয়স্থল মা : মির্জা ফখরুল