কবি আল মুজাহিদী মারা গেছেন

একুশে পদকপ্রাপ্ত কবি আল মুজাহিদী মারা গেছেন। শুক্রবার (১৯ জুন) দুপুর ২টার দিকে তিনি রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।বয়স হয়েছিল ৮৬ বছর। দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত সমস্যাসহ হৃদরোগে ভুগছিলেন তিনি।
কবির মেয়ে পরমা সংবাদমাধ্যমকে জানান, “বাবার কিডনির ক্রিয়া বন্ধ হয়ে যাওয়ায় পুরো শরীরে এসিড ছড়িয়ে পড়ে। সেইসঙ্গে হার্টবিট অনেক হাই হয়ে যায়। একটা মাইনর হার্ট অ্যাটাকও হয়।”
তিনি জানান, এমন অবস্থায় তাকে বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার মৃত্যু হয়।
এক বছর আগে চিকুনগুনিয়া হওয়ায় তখন থেকেই আল মুজাহিদী একেবারে শয্যাসায়ী ছিলেন।
এর আগে, হার্ট অ্যাটাক, স্ট্রোক, কিডনি সমস্যাসহ মাল্টি অর্গান ফেইলিয়র নিয়ে ২৩ এপ্রিল থেকে ২৬ মে পর্যন্ত একটি বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন। বাসায় ফিরে প্রায় দুই সপ্তাহ কিছুটা সুস্থ ছিলেন। ফের সমস্যা বাড়তে থাকায় ৪ জুন উত্তরার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করে ১৫ জুন পর্যন্ত রাখা হয়। বাড়িতে ফেরার একদিন পরেই অসুস্থ হয়ে পড়লে ১৬ জুন ফের উত্তরা ক্রিসেন্ট হাসপতালের আইসিইউতে ভর্তি করা হয়। ৮৬ বছর বয়সী আল মুজাহিদী দীর্ঘদিন বার্ধক্যজনিত সমস্যাসহ হৃদরোগে ভুগছিলেন।
কবি আল মুজাহিদী এক সময় দৈনিক ইত্তেফাকের সাহিত্য সম্পাদক ছিলেন।
বাংলা ভাষা ও সাহিত্যে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ বাংলাদেশ সরকার তাকে ২০০৩ সালে একুশে পদকে ভূষিত করে। তিনি ‘জীবনানন্দ দাশ একাডেমি পুরস্কার’, ‘কবি জসীমউদ্দীন একাডেমি পুরস্কার’, ‘মাইকেল মধুসূদন একাডেমি পুরস্কার’, ‘শেরে বাংলা সংসদ পুরস্কার’, ‘জয়বাংলা সাহিত্য পুরস্কার’, ‘বাসাসপ কাব্যরত্ন পদক’ ও ‘একুশে পদক’ পেয়েছেন।
কবি আল মুজাহিদী ১৯৪৩ সালের ১ জানুয়ারি তিনি জন্মগ্রহণ করেন। এই কবি ষাটের দশকের বাংলা কবিতার অন্যতম গুরুত্বপূর্ণ কণ্ঠস্বর হিসেবে পরিচিত। তার কবিতায় বাংলাদেশের মাটি, মানুষ, ইতিহাস, সংস্কৃতি, ঐতিহ্য ও আত্মপরিচয়ের গভীর অন্বেষণ ফুটে উঠেছে।
আল মুজাহিদী দীর্ঘ সাহিত্যজীবনে কবিতার পাশাপাশি গল্প, উপন্যাস, নাটক ও প্রবন্ধ রচনা করেছেন। তার প্রকাশিত গ্রন্থের সংখ্যা অর্ধশতাধিক।
ভিওডি বাংলা/জা







