রাজধানীর পল্লবীতে হাতেনাতে ছিনতাইকারীকে আটক করল ট্রাফিক পুলিশ

রাজধানীর পল্লবী থানা এলাকায় এক যাত্রীর মোবাইল ফোন ছিনতাই করে পালানোর সময় মো. মানিক (২৯) নামে একজন পেশাদার ছিনতাইকারীকে হাতেনাতে আটক করেছে ডিএমপির ট্রাফিক মিরপুর বিভাগের পল্লবী ট্রাফিক পুলিশ।
শুক্রবার (১৯ জুন) দুপুর আনুমানিক ১২:১৩ মিনিটে পল্লবী থানাধীন কালশী মোড়ে এই ঘটনা ঘটে।
ট্রাফিক মিরপুর বিভাগ সূত্রে জানা যায়, প্রতিদিনের ন্যায় শুক্রবার (১৯ জুন) দুপুরে ট্রাফিক পল্লবী জোনের কালশী মোড়ে দায়িত্ব পালন করছিলেন পুলিশ সার্জেন্ট এম. এস. মাহমুদ আলী। এ সময় একটি মাইক্রোবাসের কাগজপত্র যাচাইয়ের জন্য গাড়িটিকে থামানোর সংকেত দেন তিনি। তিনি চালকের সঙ্গে কথোপকথনের সময় লক্ষ্য করেন, একজন ছিনতাইকারী গাড়িতে থাকা এক যাত্রীর মোবাইল ফোন নিয়ে দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করে।
পরিস্থিতি বুঝে সার্জেন্ট তাৎক্ষণিকভাবে ছিনতাইকারীকে লক্ষ্য করে ধাওয়া করেন। একপর্যায়ে সাহসিকতার সাথে পুলিশ ছিনতাইকারী মানিককে হাতেনাতে ধরতে সক্ষম হন। পরবর্তীতে ছিনতাইকৃত মোবাইল ফোনটি অক্ষত অবস্থায় উদ্ধার করা হয় এবং ভুক্তভোগীর নিকট মোবাইল ফোনটি বুঝিয়ে দেওয়া হয়।
আটককৃত ছিনতাইকারীকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য পল্লবী থানায় হস্তান্তর করা হয়েছে। গ্রেপ্তারকৃতের বিরুদ্ধে পল্লবী থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।
ভিওডি বাংলা/এমএস







