মুগদা হাসপাতালে মোটরবাইক চুরির চেষ্টা, যুবক আটক

রাজধানীর মুগদা মেডিকেল কলেজ হাসপাতালের পার্কিং এলাকায় মোটরসাইকেল চুরির চেষ্টা ব্যর্থ করে দিয়েছে দায়িত্বে থাকা অঙ্গীভূত আনসার সদস্যরা। চুরির চেষ্টা করার সময় এক যুবককে হাতেনাতে আটক করা হয়।
বৃহস্পতিবার (১৮ জুন ২০২৬) বিকেল আনুমানিক পৌনে চারটার দিকে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও নিরাপত্তা সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ওই সময় হাসপাতালের পার্কিং জোনে রোগী, স্বজন ও সাধারণ মানুষের ব্যাপক ভিড় ছিল। এমন ব্যস্ত পরিবেশের মধ্যেই এক যুবকের অস্বাভাবিক চলাফেরা ও সন্দেহজনক আচরণ লক্ষ্য করেন দায়িত্বরত আনসার সদস্যরা। শুরু থেকেই তাকে পর্যবেক্ষণে রাখা হয়।
কিছুক্ষণ পর ওই ব্যক্তি পার্কিংয়ে রাখা একটি মোটরসাইকেলের কাছে গিয়ে সেটির লক ভাঙার চেষ্টা করেন। তখনই দায়িত্বে থাকা টহলরত আনসার সদস্যরা দ্রুত সেখানে গিয়ে তাকে আটক করেন। হাতেনাতে ধরা পড়ার ফলে তার চুরির চেষ্টা ব্যর্থ হয়ে যায়।
আটক ব্যক্তির নাম সোহাগ মিয়া (৩১) বলে জানা গেছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি স্বীকার করেন, তিনি পূর্বপরিকল্পিতভাবে মোটরসাইকেল চুরির উদ্দেশ্যেই হাসপাতালে প্রবেশ করেছিলেন। তবে ঘটনাস্থলেই ধরা পড়ায় তিনি আর সুযোগ পাননি।
ঘটনার সময় টহল দলের নেতৃত্বে ছিলেন পিসি মো. আতাউর রহমান। তার সঙ্গে দায়িত্ব পালন করছিলেন এপিসি মো. আনিস মিয়া, আনসার সদস্য জাবেদ আলী এবং আনসার আলমগীর। তাদের দ্রুত ও কার্যকর পদক্ষেপে বড় ধরনের চুরির ঘটনা ঘটার আগেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
পরে আটক ব্যক্তিকে হাসপাতাল কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়। প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদের পর তিনি নিজের ভুল স্বীকার করেন এবং ক্ষমা প্রার্থনা করেন বলে জানা গেছে। হাসপাতাল প্রশাসনের সিদ্ধান্ত অনুযায়ী, তার কাছ থেকে লিখিত মুচলেকা নিয়ে পরবর্তীতে তাকে ছেড়ে দেওয়া হয়।
এ ঘটনায় হাসপাতালের মোটরসাইকেল মালিক এবং কর্তৃপক্ষ নিরাপত্তা দায়িত্বে থাকা আনসার সদস্যদের পেশাদারিত্ব ও দ্রুত পদক্ষেপের প্রশংসা করেছেন। তারা বলেন, সময়মতো ব্যবস্থা না নিলে একটি বড় ধরনের চুরির ঘটনা ঘটতে পারত।
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর অঙ্গীভূত সদস্যরা দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ সরকারি ও বেসরকারি স্থাপনা, হাসপাতাল এবং জনসমাগমপূর্ণ এলাকায় সার্বক্ষণিক নিরাপত্তা নিশ্চিত করতে দায়িত্ব পালন করে আসছেন। মুগদা মেডিকেল কলেজ হাসপাতালের এই ঘটনাটি তাদের সতর্কতা, দায়িত্ববোধ এবং পেশাদার আচরণের একটি বাস্তব উদাহরণ হিসেবে দেখা হচ্ছে।
ভিওডি বাংলা/জা







