মধ্যরাতে অভিযানে থাকা ডিসি আমিরুলের হাতে এলো বদলির আদেশ

চট্টগ্রাম নগরের বহদ্দারহাট এলাকায় গভীর রাতে বিশেষ অভিযান পরিচালনায় ব্যস্ত ছিলেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) উত্তর বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) আমিরুল ইসলাম। অভিযানের কাজ চলাকালেই সহকর্মীদের কাছ থেকে জানতে পারেন, তাঁকে বর্তমান দায়িত্ব থেকে সরিয়ে নতুন বিভাগে পদায়ন করা হয়েছে।
বৃহস্পতিবার (১৮ জুন) দিবাগত রাতের দিকে সিএমপি কমিশনার হাসান মো. শওকত আলীর সই করা এক দাপ্তরিক আদেশে তিনজন উপ-পুলিশ কমিশনারের দায়িত্বে পরিবর্তন আনা হয়। ওই আদেশ অনুযায়ী, উত্তর বিভাগের দায়িত্বে থাকা ডিসি আমিরুল ইসলামকে ওয়েলফেয়ার অ্যান্ড ফোর্স বিভাগে সংযুক্ত করা হয়েছে। তাঁর স্থানে দায়িত্ব পেয়েছেন একই বিভাগের ডিসি হাসান মোস্তফা স্বপন।
একই আদেশে গোয়েন্দা পুলিশের (ডিবি-উত্তর) উপ-পুলিশ কমিশনার মো. হাবিবুর রহমানকে দক্ষিণ বিভাগের ডিসি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। হঠাৎ এই রদবদলকে ঘিরে সিএমপির ভেতরে নানা আলোচনা শুরু হলেও সংশ্লিষ্ট কর্মকর্তারা এটিকে প্রশাসনিক নিয়মিত প্রক্রিয়ার অংশ বলেই উল্লেখ করেছেন।
পুলিশের একাধিক সদস্য জানিয়েছেন, দায়িত্ব পালনরত অবস্থায় একজন কর্মকর্তার কাছে বদলির খবর পৌঁছে যাওয়ার ঘটনাটি সবার দৃষ্টি কাড়ে। বিশেষ করে গভীর রাতে অভিযানের মধ্যেই এ ধরনের নির্দেশনা পাওয়ায় বিষয়টি নিয়ে সহকর্মীদের মধ্যেও কৌতূহল তৈরি হয়েছে।
তবে এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো বিতর্ক বা বিশেষ কারণের কথা জানানো হয়নি। সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, সিএমপিতে বিভিন্ন সময় প্রশাসনিক প্রয়োজনেই কর্মকর্তাদের দায়িত্ব পরিবর্তন করা হয়।
বদলির বিষয়ে প্রতিক্রিয়া জানিয়ে ডিসি আমিরুল ইসলাম বলেন, গত এক বছরে তিনি সর্বোচ্চ আন্তরিকতা নিয়ে দায়িত্ব পালন করেছেন। জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে নিষ্ঠার সঙ্গে কাজ করার চেষ্টা করেছেন বলেও উল্লেখ করেন তিনি।
ভিওডি বাংলা/রানা সাত্তার/জা







