‘গুলি করা হবে’ শাহজাহান চৌধুরীকে!

চট্টগ্রাম-১৫ আসনের সংসদ সদস্য শাহজাহান চৌধুরীকে ‘গুলি করার’ হুমকির ইঙ্গিত পাওয়া একটি অডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
এ ঘটনা কেন্দ্র করে চট্টগ্রামের লোহাগাড়া ও সাতকানিয়া উপজেলায় স্থানীয় রাজনৈতিক অঙ্গনেও উত্তেজনা বিরাজ করছে।
ফাঁস হওয়া অডিওতে সংসদ সদস্য শাহজাহান চৌধুরীর দীর্ঘদিনের ব্যক্তিগত সহকারী হিসেবে পরিচিত আরমান উদ্দিনের কণ্ঠ শোনা গেছে বলে স্থানীয় নেতাকর্মীরা দাবি করছেন। তবে এ দাবির যাচাই করেনি ভিওডি বাংলা।
স্থানীয় সূত্রে জানা যায়, অডিওতে কথোপকথনে অংশ নেওয়া দুই ব্যক্তির মধ্যে একজনকে বলতে শোনা যায়, ‘লোহাগাড়ায় কোনোভাবেই সংসদ সদস্য আসতে পারবেন না। তিনি এলে পায়ে গুলি করে জবাব দেওয়া হবে।’
এর জবাবে অপর ব্যক্তির কণ্ঠে (যেটিকে আরমান উদ্দিনের বলে ধারণা করা হচ্ছে) বলতে শোনা যায়, তিনি বারবার সংসদ সদস্যকে লোহাগাড়ায় না আসার অনুরোধ করেছেন। কিন্তু জনগণের অনুরোধে তিনি সেখানে যেতে বাধ্য হন।
অডিওটি প্রকাশ্যে আসার পর বিষয়টি নিয়ে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমেও এ নিয়ে চলছে নানা প্রতিক্রিয়া।
সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আরিফুর রহমান ছিদ্দিকী বলেন, বিষয়টি সম্পর্কে তিনি অবগত নন। পুলিশ এখনো কোনো অডিও লিংক বা আনুষ্ঠানিক তথ্য পায়নি।
সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম বলেন, এ বিষয়ে থানায় এখন পর্যন্ত কোনো অভিযোগ বা তথ্য আসেনি।
ভিওডি বাংলা/এমএস







