১১ দলীয় জোটের নতুন কর্মসূচি ঘোষণা

গণহত্যার বিচারের ধীরগতি, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং নেতাকর্মীদের ওপর হামলার অভিযোগ তুলে ১১ দলীয় জোট বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে।
সোমবার (২২ জুন) সকালে রাজধানীর মগবাজারে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান জোটের সমন্বয়ক হামিদুর রহমান আযাদ।
তিনি বলেন, কার্যক্রম নিষিদ্ধ থাকা একটি দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মঙ্গলবার (২৩ জুন) বিকালে রাজধানীর বিজয়নগরে প্রতিবাদ সমাবেশ করবে ১১ দলীয় জোট। এতে জোটের শীর্ষ নেতারা উপস্থিত থাকবেন।
একই দাবিতে আগামী ৪ জুলাই দেশের সব জেলায় বিক্ষোভ মিছিল করার ঘোষণাও দেওয়া হয়েছে।
সংবাদ সম্মেলনে তিনি আরও অভিযোগ করেন, সীমান্ত হত্যা ও পুশ-ইন ইস্যুতে সরকার ব্যর্থতার পরিচয় দিচ্ছে। সীমান্তে অস্ত্র মজুতসহ বিভিন্ন ঘটনায় উদ্বেগ প্রকাশ করেন তিনি।
তিনি বলেন, ২৩ জুনকে কেন্দ্র করে কোনো নিষিদ্ধ ঘোষিত দল কার্যক্রম চালাতে চাইলে তা ঠেকানোর দায়িত্ব সরকারের, কোনো রাজনৈতিক দলের নয়। তিনি দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি আগের চেয়েও খারাপ হয়েছে বলেও মন্তব্য করেন।
ভিওডি বাংলা/আ







