দেবীগঞ্জে পিআইও’র বিরুদ্ধে ১৫% কমিশন দাবির অভিযোগ, ভিডিও ভাইরাল

পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) বাবুল চন্দ্র রায়ের বিরুদ্ধে টিআর, কাবিখা ও কাবিটা প্রকল্পে ১৫ শতাংশ কমিশন বা ঘুষ আদায়ের অভিযোগ উঠেছে।
সোমবার (২২ জুন) এ সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।
ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ে কয়েকজন প্রকল্প সভাপতি ও ইউনিয়ন পরিষদ সদস্যের সঙ্গে প্রকল্প বরাদ্দের বিপরীতে কমিশনের হিসাব-নিকাশ নিয়ে আলোচনা চলছে। এ সময় ক্যালকুলেটর ব্যবহার করে বিভিন্ন প্রকল্পের বরাদ্দের ১৫ শতাংশ হিসাব করতে দেখা যায় পিআইওকে। একই সময় সংশ্লিষ্ট সদস্য কমিশন কমানোর অনুরোধ জানালে তিনি মন্তব্য করেন, “মেম্বারদের কোনোদিন লাভ হয় না।”
অন্য একটি প্রকল্পে ১ লাখ ৬২ হাজার টাকার বরাদ্দের ১৫ শতাংশ হিসাব করে ২৪ হাজার টাকা দাবি করার কথাও ভিডিওতে শোনা যায়। এছাড়া ১ লাখ ২০ হাজার টাকার টিআর প্রকল্পের বিপরীতে ১৮ হাজার টাকা কমিশনের হিসাবও দেখা যায়। এসময় কয়েকজন ইউপি সদস্য কমিশনের পরিমাণ কমানোর অনুরোধ করছেন এবং কাজ শতভাগ বাস্তবায়নের দাবি জানাচ্ছেন।
অভিযোগ অস্বীকার করে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা বাবুল চন্দ্র রায় বলেন, “ওরা কাজ না করেই বিল নিতে আসছিল। সে কারণেই এসব কথা হয়েছে। ঘুষ বা কমিশন নেওয়ার অভিযোগ সঠিক নয়।”
এ বিষয়ে দেবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইন্দ্রজীত সাহা বলেন, বিষয়টি সম্পর্কে তিনি অবগত হয়েছেন এবং জেলা প্রশাসকসহ সংশ্লিষ্ট দপ্তরকে জানানো হবে। পাশাপাশি স্থানীয়ভাবে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।
ঘটনাকে কেন্দ্র করে দেবীগঞ্জে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে। অভিযোগের সত্যতা যাচাইয়ে প্রশাসনিক তদন্তের দিকেই এখন নজর স্থানীয়দের।
ভিওডি বাংলা/এফএ







