নিখোঁজ ছাত্রনেতা সাইদুরকে দ্রুত উদ্ধারের দাবি ছাত্র ফেডারেশনের

নারায়ণগঞ্জ জেলা ছাত্র ফেডারেশনের সভাপতি ও জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম সংগঠক সাইদুর রহমানের নিখোঁজের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে সংগঠনটি। তাকে দ্রুত সুস্থ ও অক্ষত অবস্থায় উদ্ধারের দাবিতে জরুরি সংবাদ সম্মেলন করেছে বাংলাদেশ ছাত্র ফেডারেশন নারায়ণগঞ্জ জেলা শাখা।
সোমবার (২২ জুন) বিকেলে নারায়ণগঞ্জ প্রেসক্লাবে আয়োজিত এই সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের সাধারণ সম্পাদক সৌরভ সেন।
লিখিত বক্তব্যে জানানো হয়, গত ১৯ জুন (শুক্রবার) সন্ধ্যার পর থেকে ছাত্রনেতা সাইদুর রহমানের সঙ্গে তার পরিবার ও সংগঠনের নেতাকর্মীদের সব ধরনের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। ঘটনার পর সম্ভাব্য সকল স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান মেলেনি। এ ঘটনায় সাইদুর রহমানের পরিবার ও সংগঠনের নেতাকর্মীদের মধ্যে চরম আতঙ্ক ও উদ্বেগ বিরাজ করছে।
ঘটনার বিস্তারিত তুলে ধরে সৌরভ সেন বলেন, ‘সাইদুর রহমান নিখোঁজ হওয়ার পর আমরা গত ২১ জুন রাতে নারায়ণগঞ্জ সদর থানায় একটি জিডি করেছি। জিডি করার সময় প্রশাসনের পক্ষ থেকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তাকে খুঁজে বের করার আশ্বাস দেওয়া হয়েছিল। কিন্তু সময় যত গড়াচ্ছে, আমাদের শঙ্কা ততটাই বাড়ছে।’
নিখোঁজ ছাত্রনেতার সন্ধানে প্রশাসনের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘আমরা নিছক আশ্বাসের বৃত্তে সীমাবদ্ধ থাকতে চাই না। প্রশাসনের প্রতি জোর দাবি জানাই, আধুনিক প্রযুক্তির ব্যবহার ও সর্বোচ্চ তৎপরতা চালিয়ে অবিলম্বে সাইদুর রহমানকে আমাদের মাঝে ফিরিয়ে আনা হোক।’
সংবাদ সম্মেলনে দেশের বিবেকবান নাগরিক সমাজ, মানবাধিকার কর্মী এবং সকল প্রগতিশীল রাজনৈতিক ও সামাজিক শক্তির প্রতি সাইদুর রহমানের সন্ধানের দাবিতে পাশে দাঁড়ানোর আহ্বান জানানো হয়।
সংগঠনের নেতারা হুঁশিয়ারি দিয়ে বলেন, ছাত্রনেতা সাইদুর রহমানকে খুঁজে না পাওয়া পর্যন্ত তাদের উদ্বেগ কাটবে না এবং সন্ধান না পাওয়া পর্যন্ত তাদের এই লড়াই অব্যাহত থাকবে।
এ সময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ ছাত্র ফেডারেশন নারায়ণগঞ্জ জেলার সাধারণ সম্পাদক সৌরভ সেন, সহ-সভাপতি ইউসা ইসলাম ও তাইরান আবাবিল রোজা, সহ-সাধারণ সম্পাদক মৌমিতা আক্তার ও অপূর্ব রায়, সাংগঠনিক সম্পাদক শাহিন মৃধা, অর্থ সম্পাদক জান্নাতুল ফেরদৌস নিসা, দপ্তর সম্পাদক শেখ সাদী, রাজনৈতিক শিক্ষা বিষয়ক সম্পাদক মুন্নি আক্তার প্রত্যাশা এবং কার্যকরী সদস্য সিয়াম সরকার।
এছাড়া বিভিন্ন ইউনিটের পক্ষ থেকে উপস্থিত ছিলেন, গণসংহতি আন্দোলনের নারায়ণগঞ্জ জেলার নির্বাহী সমন্বয়কারী অঞ্জন দাস, ছাত্র ফেডারেশনের নারায়ণগঞ্জ কলেজ শাখার সদস্য সচিব তাহমিদ আনোয়ার, সিদ্ধিরগঞ্জ শাখার সদস্য সচিব তায়েব হাসান তাজবীর, ভোলাইল কমিটির আহ্বায়ক আকিব হাসান এবং সদস্য মো: সোহাগ।
ভিওডি বাংলা/এফএ







