টেকনাফে বাস খালে, বিজিবির তৎপরতায় সব যাত্রী উদ্ধার

কক্সবাজারের টেকনাফে নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে যাওয়া একটি বাসের সব যাত্রীকে উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ ঘটনায় আহতদের দ্রুত হাসপাতালে পাঠানো হয়েছে।
মঙ্গলবার (২৩ জুন) বেলা ১১টা ৩০ মিনিটের দিকে টেকনাফ ব্যাটালিয়নের (২ বিজিবি) দমদমিয়া বিওপি থেকে প্রায় ৫০০ মিটার দক্ষিণে কেয়ারী ঘাট সংলগ্ন নৌ-পুলিশ ফাঁড়ির পাশে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র জানায়, কক্সবাজার-টেকনাফগামী পালকী পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজের রেলিং ভেঙে পাশের খালে উল্টে পড়ে যায়। খবর পেয়ে সঙ্গে সঙ্গেই দমদমিয়া বিওপির বিজিবি সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন। তাদের দ্রুত তৎপরতা, সাহসিকতা ও পেশাদারিত্বের কারণে বাসে থাকা সব যাত্রীকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়।
দুর্ঘটনায় নারী ও শিশুসহ বেশ কয়েকজন গুরুতর আহত হন। আহতদের তাৎক্ষণিক টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।
বিজিবি জানিয়েছে, উদ্ধার অভিযানে অংশ নেওয়া বিজিবি সদস্যরা স্থানীয় প্রশাসন ও নৌ-পুলিশের সঙ্গে সমন্বয় করে কাজ করেন এবং দুর্ঘটনাস্থলে নিরাপত্তা নিশ্চিত করেন।
বিজিবি আরও জানায়, সীমান্ত সুরক্ষার পাশাপাশি যেকোনো দুর্যোগ, দুর্ঘটনা ও মানবিক সংকটে জনগণের পাশে দাঁড়ানো তাদের নিয়মিত দায়িত্বের অংশ। ভবিষ্যতেও এ ধরনের মানবিক সহায়তা অব্যাহত থাকবে।
ভিওডি বাংলা/এফএ







