ফেনীতে র্যাবের অভিযানে ১৯ কেজি গাঁজাসহ আটক ২

ফেনী সদর মডেল থানা এলাকায় অভিযান চালিয়ে ১৯ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে র্যাব-৭, চট্টগ্রাম।
সোমবার (২২ জুন) দুপুরে ফেনী-কুমিল্লা আঞ্চলিক সড়কের বিসিক রোড এলাকায় অস্থায়ী চেকপোস্ট বসিয়ে এ অভিযান পরিচালনা করা হয়।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে, ছাগলনাইয়া এলাকার জিরো পয়েন্ট থেকে একটি যাত্রীবাহী বাসে করে গাঁজার বড় চালান ঢাকায় নেওয়া হচ্ছে। পরে র্যাব-৭ এর একটি আভিযানিক দল নির্দিষ্ট স্থানে অবস্থান নিয়ে তল্লাশি কার্যক্রম শুরু করে।
এক পর্যায়ে ‘স্টার লাইন’ পরিবহনের একটি বাস সেখানে পৌঁছালে যাত্রীদের সন্দেহজনক আচরণ দেখে তল্লাশি চালানো হয়। এ সময় দুই ব্যক্তিকে আটক করা হয়। আটকরা হলেন-ফেনীর ছাগলনাইয়া উপজেলার মধ্যম মটুয়া এলাকার মো. নুরুল আলম জানু (৪৫) এবং বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলার উত্তর ফুলহাতা এলাকার মো. খোকন হাওলাদার (৫৫)।
র্যাবের দাবি, আটক ব্যক্তিদের সঙ্গে থাকা ট্রাভেল ব্যাগ ও ট্রলি ব্যাগ তল্লাশি করে বিশেষ কায়দায় কসটেপ দিয়ে মোড়ানো অবস্থায় ১৯ কেজি গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া মাদকের আনুমানিক বাজারমূল্য প্রায় ১ লাখ ৯০ হাজার টাকা।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, তারা দীর্ঘদিন ধরে বিভিন্ন কৌশলে দেশের বিভিন্ন এলাকায় মাদক সরবরাহের সঙ্গে জড়িত। যাত্রীবেশে বাসযোগে গাঁজা পরিবহন করছিলেন তারা।
এ ঘটনায় আটক দুই আসামি ও উদ্ধার হওয়া মাদকদ্রব্য পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য ফেনী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র্যাব।
ভিওডি বাংলা/জা







