• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

মায়ের মৃত্যুতে বিশ্বকাপ শিবির ছাড়লেন ফ্রান্স কোচ

ভিওডি স্পোর্টস ডেস্ক    ২৪ জুন ২০২৬, ০৭:১৪ এ.এম.
ছবি: সংগৃহীত

বিশ্বকাপ চলাকালেই ব্যক্তিগত শোকের মুখে পড়েছেন ফ্রান্স জাতীয় ফুটবল দলের প্রধান কোচ দিদিয়ের দেশম। মায়ের মৃত্যু সংবাদ পাওয়ার পর নরওয়ের বিপক্ষে গুরুত্বপূর্ণ গ্রুপ ম্যাচে দলের সঙ্গে থাকছেন না তিনি।

মঙ্গলবার (২৩ জুন) এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে ফ্রেঞ্চ ফুটবল ফেডারেশন (এফএফএফ)। সংস্থাটি জানায়, মঙ্গলবার সকালে মায়ের মৃত্যুর খবর পান দেশম। এরপর শেষকৃত্যে অংশ নিতে তিনি ফ্রান্সে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেন।

এক বিবৃতিতে এফএফএফ বলেছে, ‘এই অত্যন্ত বেদনাদায়ক সময়ে আমরা প্রধান কোচের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। তাকে শক্ত থাকার আহ্বান জানাচ্ছি এবং পুরো ফরাসি ফুটবল পরিবারের সমর্থন তার সঙ্গে রয়েছে।’

দেশমের অনুপস্থিতিতে সাময়িকভাবে দলের দায়িত্ব পালন করবেন সহকারী কোচ গি স্তেফাঁ। শুক্রবার ম্যাসাচুসেটসে নরওয়ের বিপক্ষে ম্যাচে তিনিই ডাগআউটে নেতৃত্ব দেবেন। তবে দেশম কবে আবার যুক্তরাষ্ট্রে ফিরে দলের সঙ্গে যোগ দেবেন, সে বিষয়ে এখনো কিছু জানানো হয়নি।

বর্তমান বিশ্বকাপ শুরুর আগেই ৫৭ বছর বয়সী দেশম ঘোষণা দিয়েছিলেন, এই টুর্নামেন্ট শেষে তিনি ফ্রান্স দলের দায়িত্ব ছাড়বেন। ২০১২ সালে দায়িত্ব নেওয়ার পর দীর্ঘ ১৪ বছর ধরে তিনি ফরাসি ফুটবলের অন্যতম সফল কোচ হিসেবে কাজ করে যাচ্ছেন।

সাবেক ফরাসি অধিনায়ক দেশমের অধীনেই ২০১৮ সালে বিশ্বকাপ জেতে ফ্রান্স। এছাড়া ২০২২ বিশ্বকাপেও দলকে ফাইনালে তুলেছিলেন তিনি। যদিও সেই আসরে টাইব্রেকারে আর্জেন্টিনার কাছে শিরোপা হারাতে হয়েছিল লে ব্লুদের।

চলমান বিশ্বকাপে ইতোমধ্যেই নকআউট পর্ব নিশ্চিত করেছে ফ্রান্স। প্রথম দুই ম্যাচে সেনেগালকে ৩-১ এবং ইরাককে ৩-০ গোলে হারিয়েছে তারা। অন্যদিকে নরওয়েও নিজেদের প্রথম দুই ম্যাচ জিতে পরের রাউন্ড নিশ্চিত করেছে। ফলে শুক্রবারের ম্যাচটি গ্রুপ চ্যাম্পিয়ন নির্ধারণে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

ভিওডি বাংলা/এমএস 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
‘মেসি সর্বকালের সেরা’, মন্তব্যটি ভুয়া: রোনালদো
‘মেসি সর্বকালের সেরা’, মন্তব্যটি ভুয়া: রোনালদো
বিশ্বকাপে ইরানকে ভ্রমণ সুবিধা দিল যুক্তরাষ্ট্র
বিশ্বকাপে ইরানকে ভ্রমণ সুবিধা দিল যুক্তরাষ্ট্র
মেসিকে ছাপিয়ে বিশ্বকাপে ইতিহাস গড়লেন রোনালদো
মেসিকে ছাপিয়ে বিশ্বকাপে ইতিহাস গড়লেন রোনালদো