গ্রুপ পর্বেই শেষ হয়ে গেল যেসব দলের বিশ্বকাপ অভিযান

২০২৬ ফিফা বিশ্বকাপের গ্রুপ পর্ব যত এগোচ্ছে, ততই জমে উঠছে নকআউটে ওঠার লড়াই। কেউ দাপট দেখিয়ে পরের রাউন্ড নিশ্চিত করছে, আবার কেউ স্বপ্নভঙ্গের হতাশা নিয়ে বিদায় নিচ্ছে আসর থেকে। এবার সেই বিদায়ের তালিকায় যোগ হয়েছে পানামা, তুরস্ক, হাইতি ও তিউনিসিয়ার নাম।
গ্রুপ ‘এল’-এ টিকে থাকার লড়াইয়ে ঘানার বিপক্ষে মাঠে নেমেছিল পানামা। তবে বৃষ্টিভেজা ম্যাচে ১-০ গোলে হার মানতে হয়েছে তাদের। প্রথম ম্যাচেও জয় না পাওয়ায় টানা দুই পরাজয়ে গ্রুপ পর্ব থেকেই বিদায় নিশ্চিত হয়েছে দলটির।
ম্যাচ শেষে অতিরিক্ত ‘হাইড্রেশন ব্রেক’ নিয়ে ক্ষোভ প্রকাশ করেন পানামার কোচ থমাস ক্রিস্টিয়ানসেন। তার অভিযোগ, টেলিভিশন সম্প্রচার ও বিজ্ঞাপনী স্বার্থেই বিরতির সংখ্যা বাড়ানো হয়েছে। তবে মাঠের ব্যর্থতা শেষ পর্যন্ত পানামাকে বিদায় থেকে রক্ষা করতে পারেনি।
অন্যদিকে বিশ্বকাপের অন্যতম সম্ভাবনাময় দল হিসেবে বিবেচিত তুরস্ক এবার বড় হতাশার নাম। আর্দা গুলার ও কেনান ইলদিজদের নিয়ে গড়া দলটি দুই ম্যাচে রেকর্ড ৬২টি শট নিয়েও একবারও জালের দেখা পায়নি। ১৯৬৬ সালের পর বিশ্বকাপ ইতিহাসে এমন ঘটনা আর দেখা যায়নি।
অস্ট্রেলিয়ার কাছে ২-০ গোলে হারের পর ১০ জনের প্যারাগুয়ের বিপক্ষেও গোল করতে ব্যর্থ হয় তুরস্ক। ফলে কোনো গোল ছাড়াই বিশ্বকাপ অভিযান শেষ হয়েছে তাদের।
৫২ বছর পর বিশ্বকাপে ফেরা ক্যারিবীয় দেশ হাইতির গল্পও সুখের হয়নি। ব্রাজিলের কাছে ৩-০ গোলে হারের আগে প্রথম ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষে ১-০ ব্যবধানে পরাজিত হয়েছিল তারা। দুই ম্যাচে গোলশূন্য থেকেই বিদায় নিতে হয়েছে ফিফা র্যাংকিংয়ের ৮৩ নম্বর দলটিকে।
তিউনিসিয়ার অবস্থাও ছিল হতাশাজনক। সুইডেনের কাছে ৫-১ গোলের বড় হারের পর কোচ সাব্রি লামুশিকে বরখাস্ত করে দলটি। তার জায়গায় দায়িত্ব নেন হার্ভে রেনার্ড। তবে নতুন কোচও ভাগ্য বদলাতে পারেননি।
বিশ্বকাপের ১০০০তম ম্যাচে জাপানের কাছে ৪-০ গোলে হেরে টানা দ্বিতীয় পরাজয় বরণ করে তিউনিসিয়া। ফলে আফ্রিকার দলটির বিদায় নিশ্চিত হয়ে যায়।
এদিকে প্রথমবারের মতো বিশ্বকাপে খেলা জর্ডান কঠিন গ্রুপে পড়েও লড়াকু ফুটবল উপহার দিয়েছে। গ্রুপ ‘জে’-তে আর্জেন্টিনা, অস্ট্রিয়া ও আলজেরিয়ার মতো শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে সাহসী পারফরম্যান্স দেখায় তারা।
অস্ট্রিয়ার বিপক্ষে ৩-১ গোলে হারলেও আলি ওলওয়ান জর্ডানের হয়ে বিশ্বকাপ ইতিহাসের প্রথম গোলটি করেন। পরে আলজেরিয়ার বিপক্ষে নিজার আল রাশদানের গোলে এগিয়ে গিয়েও শেষ পর্যন্ত ২-১ ব্যবধানে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিতে হয় দলটিকে।
ভিওডি বাংলা/এমএস







