নেইমারকে ছাড়াই স্কটল্যান্ডের বিপক্ষে মাঠে নামছে ব্রাজিল

বিশ্বকাপের গ্রুপ পর্বের শেষ ম্যাচে আজ বৃহস্পতিবার (২৫ জুন) স্কটল্যান্ডের মুখোমুখি হচ্ছে ব্রাজিল। এই ম্যাচ দিয়েই চোট কাটিয়ে নেইমার জুনিয়রের মাঠে ফেরার সম্ভাবনা তৈরি হয়েছিল। তবে শেষ পর্যন্ত শুরুর একাদশে জায়গা হয়নি ব্রাজিলের সর্বকালের অন্যতম সেরা এই তারকার।
মায়ামি স্টেডিয়ামে বাংলাদেশ সময় ভোর ৪টায় শুরু হওয়া ম্যাচে নেইমারকে বেঞ্চে রেখেই দল সাজিয়েছেন ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি। যদিও স্কোয়াডে আছেন তিনি। ফলে ম্যাচের কোনো এক পর্যায়ে বদলি হিসেবে মাঠে নামার সুযোগ থাকছে ৩৪ বছর বয়সী ফরোয়ার্ডের সামনে।
স্কটল্যান্ড ম্যাচের আগে নেইমারকে নিয়ে ব্যাপক আলোচনা ছিল ব্রাজিল সমর্থকদের মাঝে। দীর্ঘদিনের চোট কাটিয়ে তিনি কয়েক দিন ধরেই দলের সঙ্গে পূর্ণ অনুশীলন করেছেন। সংবাদ সম্মেলনে আনচেলত্তিও ইঙ্গিত দিয়েছিলেন, খেলার জন্য পুরোপুরি প্রস্তুত আছেন সাবেক বার্সেলোনা ও পিএসজি তারকা।
নেইমারকে নিয়ে ব্রাজিল কোচ বলেছিলেন, ‘সে খেলার জন্য সম্পূর্ণ প্রস্তুত। পুরো সপ্তাহজুড়ে খুব ভালো অনুশীলন করেছে এবং নিজেকে তৈরি করেছে। ওর মতো মানের একজন খেলোয়াড় দলে ফেরাটা আমাদের জন্য বড় স্বস্তির বিষয়।’
‘সি’ গ্রুপে দুই ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে ব্রাজিল। সমান পয়েন্ট হলেও গোল ব্যবধানে পিছিয়ে দ্বিতীয় স্থানে মরক্কো। ৩ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রয়েছে স্কটল্যান্ড। ফলে নকআউটে সহজ পথ নিশ্চিত করতে এই ম্যাচে ভালো ফলের বিকল্প নেই সেলেসাওদের সামনে।
এদিকে হাইতির বিপক্ষে আগের ম্যাচে চোট পাওয়া রাফিনিয়াও নেই একাদশে। বার্সেলোনা তারকার পরিবর্তে সুযোগ পেয়েছেন তরুণ ফরোয়ার্ড রায়ান। বিশ্বকাপে এটিই তার সবচেয়ে বড় পরীক্ষা।
ব্রাজিলের শুরুর একাদশ
অ্যালিসন বেকার, দানিলো, মার্কিনিয়োস, গ্যাব্রিয়েল মাগালায়েস, ডগলাস সান্তোস, ক্যাসেমিরো, ব্রুনো গুইমারেস, লুকাস পাকেতা, রায়ান, ম্যাথিউস কুনহা ও ভিনিসিয়াস জুনিয়র।
ভিওডি বাংলা/বিন্দু







