ব্রাজিল ম্যাচের আগে বড় দুঃসংবাদ পেল জাপান

বিশ্বকাপের নকআউট পর্বে আজ পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের মুখোমুখি হচ্ছে এশিয়ার শক্তিশালী দল জাপান। তবে টেক্সাসের হিউস্টনে অনুষ্ঠিতব্য ম্যাচের আগে বড় ধাক্কা খেয়েছে জাপান। ইনজুরির কারণে এই ম্যাচে খেলতে পারবেন না দলের অন্যতম তারকা তাকেফুসা কুবো।
নেদারল্যান্ডসের বিপক্ষে গ্রুপ পর্বের প্রথম ম্যাচে ২-২ গোলে ড্র করে জাপান। ওই ম্যাচেই বাঁ হাঁটুতে চোট পান ২৫ বছর বয়সী কুবো। এরপর তিউনিসিয়া ও সুইডেনের বিপক্ষেও তিনি মাঠে নামতে পারেননি।
নাসভিলে দলের বেস ক্যাম্পে পুনর্বাসন চালিয়ে গেলেও রোববারের অনুশীলনে কুবোকে মূল দলের সঙ্গে দেখা যায়নি। তিনি আলাদাভাবে দৌড় ও ফিটনেস অনুশীলন করেছেন।
সংবাদ সম্মেলনে জাপানের কোচ হাজিমে মোরিয়াসু বলেন, ‘সে এখনো ব্যক্তিগতভাবে অনুশীলন করছে। তাই ব্রাজিলের বিপক্ষে ম্যাচে খেলতে পারবে না। আমরা সবাই চাই, সে দ্রুত সুস্থ হয়ে ফিরুক।’
দলের অন্যতম সেরা খেলোয়াড়কে না পেলেও ব্রাজিলকে হারানোর ব্যাপারে আত্মবিশ্বাসী জাপান। গত বছরের অক্টোবরে টোকিওতে অনুষ্ঠিত এক প্রীতি ম্যাচে ব্রাজিলকে ৩-২ গোলে হারানোর স্মৃতি থেকেই অনুপ্রেরণা নিচ্ছেন মোরিয়াসুর শিষ্যরা।
জাপানের কোচ বলেন, ‘ব্রাজিল র্যাংকিং ও সামর্থ্যের দিক থেকে আমাদের চেয়ে এগিয়ে। তারা এই টুর্নামেন্ট জয়ের অন্যতম দাবিদার। অনেকেই আমাদের আন্ডারডগ ভাববে, কিন্তু গত বছরও কেউ আমাদের ওপর ভরসা করেনি। তারপরও আমরা জিতেছিলাম। আমাদের বিশ্বাস আছে, এবারও আমরা ইতিহাস গড়তে পারব।’
২০২২ কাতার বিশ্বকাপে টাইব্রেকারে ক্রোয়েশিয়ার কাছে হেরে বিদায় নিয়েছিল জাপান। এবার ম্যাচ টাইব্রেকারে গড়ালে ভিন্ন পরিকল্পনা রাখছেন মোরিয়াসু।
তিনি বলেন, ‘টাইব্রেকারে গেলে এবার আর খেলোয়াড়দের ইচ্ছার ওপর দায়িত্ব ছেড়ে দেওয়া হবে না। কে কোন ক্রমে শট নেবে, সেটি আমি আগেই ঠিক করে দেব।’
ভিওডি বাংলা/আ








মন্তব্য